
এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে হঠাৎ আগুন
ওমানের রাজধানী মাস্কাট থেকে ভারতের কোচিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি উড়োজাহাজে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে উড়োজাহাজটির উড্ডয়ন বাতিল করা হয়েছে বলে আজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিনিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট নম্বর আইএক্স ৪৪২ উড়োজাহাজটির মাস্কাট থেকে কোচি যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের আগে সেটিতে ধোঁয়া দেখা যাওয়ায় টেক-অফ বাতিল করে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
এ ঘটনার পর যাত্রীদের জন্য বিকল্প উড়োজাহাজে মাস্কাট থেকে কোচিতে আসার ব্যবস্থা করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।
এর আগে, গত জুলাইতে কালিকট থেকে দুবাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের অন্য একটি উড়োজাহাজেও পোড়া গন্ধ পাওয়ায় ফ্লাইট বাতিল হয়েছিল।
জানা গেছে, আগে ভারত সরকারের বিমান সংস্থা ছিল এই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। বর্তমানে দেশটির টাটা গ্রুপের মালিকানাধীন রয়েছে এটি।
ভারতের প্রথম আন্তর্জাতিক বাজেট ক্যারিয়ার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।



