প্রধান খবরভারত

এ বছর জম্মু ও কাশ্মীরে ২২৩ জন সন্ত্রাসবাদী নিহত, আট বছরে যা সর্বাধিক

রূপসী বাংলা ঢাকা ডেস্ক, কোলকাতা রিপোর্ট:  ভারতের  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত জম্মু ও কাশ্মীর উপত্যকায় এই বছরেই সব থেকে বেশি সন্ত্রাসবাদীর মৃত্যুর ঘটনা ঘটেছে। জম্মু ও কাশ্মীরে এ বছর মৃত মোট ২২৩ জন সন্ত্রাসবাদী, শেষ আট বছরে যা সর্বাধিক।

সন্ত্রাসবাদীদের মৃত্যুর পাশাপাশি লাফ দিয়ে বেড়েছে সন্ত্রাসের ঘটনাও। ২০১৭ তে মোট ৩৪২টি সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটলেও এই বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৪২৯। বেড়েছে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনাও। সব মিলিয়ে আক্ষরিক অর্থেই ভূস্বর্গ এখন হয়ে উঠেছে হিংসার উপত্যকা।

এক দিকে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলা, অন্যদিকে সন্ত্রাসের মোকাবিলায় ভারতীয় নিরাপত্তারক্ষীদের একের পর এক সশস্ত্র অভিযান। হামলা এবং পাল্টা হামলার জেরে হিংসা চরমে উঠেছে কাশ্মীর উপত্যকায়। ২০১৭ সালে জম্মু ও কাশ্মীর উপত্যকায় মোট ২১৩ জন জঙ্গি মারা গিয়েছিল। এই বছর এখনও পর্যন্ত সেই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৩, যা শেষ আট বছরে সর্বাধিক।

২২৩ জন নিহত সন্ত্রাসবাদীর মধ্যে ৯৩ জন জন্মসূত্রে বিদেশী। এই তথ্য থেকেই স্পষ্ট, পাকিস্তানি জঙ্গিদের পাশাপাশি কাশ্মীরের স্থানীয় অধিবাসীদেরও সন্ত্রাসের কাজে ব্যবহার করা হচ্ছে।

পাশাপাশি গত বছরের তুলনায় সাধারণ নাগরিকের মৃত্যুর সংখ্যাও ৪০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৭। সন্ত্রাসবাদীদের মৃত্যুর ঘটনা সর্বাধিক হলেও নিজেদের ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনতে পেরেছেন ভারতীয় জওয়ানেরা। এখনও পর্যন্ত ৮০ জন নিরাপত্তারক্ষী সন্ত্রাসবাদী হামলায় মারা গিয়েছেন। গত বছরও সন্ত্রাসবাদীদের হাতে প্রাণ হারিয়ে ছিলেন সমসংখ্যক ভারতীয় জওয়ান ও নিরাপত্তরক্ষী।

যদিও এই বছরের এই পরিসংখ্যান এখনও বদলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ, ডিসেম্বর শেষ হতে এখনও প্রায় তিন সপ্তাহ বাকি। অন্যদিকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু এনকাউন্টার, সংঘর্ষ এবং তল্লাশি চালানোর খবর আসছে প্রতি মুহূর্তে। পঞ্চায়েত নির্বাচন শুরু হওয়ার পর থেকেই বেড়েছে হিংসার তীব্রতা। সেই নির্বাচনের প্রক্রিয়া ওখনও চলছে জম্মু ও কাশ্মীরে। নির্বাচন বানচাল করতে এখনও মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। তাই হিংসার তালিকা আরও বাড়বে, এমনটাই আশঙ্কা নিরাপত্তারক্ষীদের।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension