
প্রধান খবরবাংলাদেশ
ঐক্যফ্রন্টের পুনর্নিবাচনের দাবি প্রত্যাখ্যাত
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: জনগণের দেওয়া গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি-ঐক্যফ্রন্ট। সোমবার (৩১ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের পক্ষ থেকে এমন মন্তব্য করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান। রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি দাবি করে বলেন, নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে ‘সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত’ চিরতরে ভেঙ্গে দেওয়া হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দকে আহ্বান জানিয়ে আবদুর রহমান বলেন, আসুন দেশ গড়ার কাজে এক সঙ্গে কাজ করি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
আবদুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের পুনর্নিবাচনের দাবি আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। তাদের দাবি অযৌক্তিক, এই দাবি গণবিরোধী, গণরায়ের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে এ বক্তব্য প্রকাশ করার মধ্য দিয়ে। কাজেই বাংলাদেশের জনগণ তাদের আবারও সমুচিত জবাব দেবেন এবং তাদের এ বক্তব্য প্রত্যাহারের জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি।
তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে গণরায়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ ‘সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত’ চিরতরে ভেঙে দিয়েছে। জামায়াত-যুদ্ধাপরাধীর অপশক্তি হাত গুঁড়িয়ে দিয়েছেন জনগণ এ ভোটের মাধ্যমে। আমরা অভিভূত যে, বাংলাদেশের মানুষ ন্যায়ের পথে আছেন, সত্যের পথে আছেন, স্বাধীনতার পক্ষে আছেন, অসাম্প্রদায়িক রাজনীতির পক্ষে আছের, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন। তাই এ বিজয়ের দিনে আমাদের নেত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, কোনও ধরনের বিজয় উল্লাস বা কোনও ধরনের বিজয় মিছিল আমরা করব না। মসজিদে, মন্দিরে, গির্জায় প্রার্থনা করব, আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, যে আজকে এ দেশের সকল মানুষের উৎকণ্ঠা ম্লান করে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। সুতরাং আমরা কোনও ধরনের বিজয় উল্লাস করব না।
নির্বাচন-সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আবদুর রহমান বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আওয়ামী লীগের অভূতপূর্ব বিজয় এবং ঐতিহাসিক বিজয়। দেশবাসী যেমন আনন্দের জোয়ারে ভাসছেন, আপনারা যারা সংবাদ-কর্মী বেশ কিছুদিন ধরে আমাদের সঙ্গে আপনারা কষ্ট করেছেন তাদেরও এই আনন্দের দিনে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমাদের বিজয় আমরা যদি এক কথায় বলি তাহলে বলব যে শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তাই আমাদের আজকের এই বিজয়ের ফসল। গত ১০ বছরে বাংলাদেশের মানুষকে যে অভাবনীয় উন্নয়ন দিয়েছেন এবং আগামী দিনে যে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে পথ চলার যে প্রতিশ্রুতি দিয়েছেন তারই ফলশ্রুতিতে আমরা একটি অভূতপূর্ব বিজয় অর্জন করেছি। এ জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষ এবং ভোটারদের প্রাণঢালা অভিনন্দন জানাই।



