যুক্তরাষ্ট্র

ওমিক্রনে প্রথম মৃত্যু যুক্তরাষ্ট্রে

করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যু হয়েছে। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে এই মৃত্যু হয়। মারা যাওয়া ব্যক্তি করোনার টিকা নেননি। স্থানীয় সময় সোমবার দেশটির স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, মারা যাওয়া ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। আক্রান্ত হওয়ার পর তার মধ্যে নানান জটিলতা দেখা দেয়।

টেক্সাসের হ্যারিস কাউন্টির জজ লিনা হিডালগো এক টুইটে নিশ্চিত করেছেন, করোনার নতুন ধরনে সেখানে এটিই প্রথম মৃত্যু। তিনি সবাইকে করোনার ভ্যাকসিন নেওয়ার অনুরোধ করেন।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগ তাৎক্ষনিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।

এর আগে গত ১৩ ডিসেম্বর যুক্তরাজ্যে করোনাভাইরাসের এ নতুন ধরনে সংক্রমিত হয়ে একজনের মৃত্যুর খবর জানায় দেশটির কর্তৃপক্ষ। এ পর্যন্ত দেশটিতে ১২ জনের মৃত্যু হয়েছে ওমিক্রনে। আক্রান্ত হয়ে ১০৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, দুঃখজনক বিষয় হলো— ওমিক্রনে সংক্রমিত হয়ে একজন মারা গেছেন। তাই আমি মনে করি এ ধরন সম্পর্কে যে ধারণা, এটি কেবল ভাইরাসের মৃদু সংস্করণ, সে ব্যাপারে আমাদের একটি বিষয় নির্দিষ্ট করার প্রয়োজন আছে। এটিও স্বীকার করতে হবে এ ধরনটি খুব দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে।

গত ২৪ নভেম্বর নতুন এ ধরন দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার কথা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রাথমিকভাবে নতুন ধরনটিকে ‘বি.১.১.৫২৯’ নামে ডাকা হচ্ছিল। পরে ডব্লিউএইচও নতুন এ ধরনের নামকরণ করে ওমিক্রন। এবং একে উদ্বেগজনক ধরন বলে আখ্যায়িতও করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension