প্রবাস

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার দূতাবাস প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন এবং মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের দেওয়া বাণী পাঠ করা হয়। পরে দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত শহিদুল ইসলাম যুক্তরাষ্ট্রে বসবাসরত সব বাঙালির প্রতি তার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং মহান স্বাধীনতা দিবসকে বাংলাদেশের এক গৌরবোজ্জ্বল দিবস হিসেবে অভিহিত করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে নিহত ৩০ লাখ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতের নীরবতা ভেঙে ঢাকায় পাকিস্তানি সামরিক জান্তা কর্তৃক শিক্ষক, ছাত্র, পুলিশ ও সেনা সদস্য, পথচারী ও রিকশাচালকসহ ঘুমন্ত হাজার হাজার বাঙালিকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের বিষয়টি স্মরণ করেন।

রাষ্ট্রদূত শহিদুল বলেন, নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তান সেনাবাহিনীর বর্বরোচিত হামলার পরিপ্রেক্ষিতে ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকের সঙ্গে সঙ্গে স্বাধীনতা যুদ্ধ শুরু হয় এবং তার অকুতোভয় নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ নয় মাস রক্তাক্ত সংগ্রামের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ দীর্ঘ প্রত্যাশিত স্বাধীনতা অর্জন করে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছেন। তবে স্বাধীনতাবিরোধী শক্তি কর্তৃক ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে নৃশংসভাবে হত্যা করার কারণে তিনি প্রত্যাশিত স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি।

শহিদুল বলেন, জাতির পিতার দর্শন ও স্বাধীনতা সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে অবিরাম কাজ করতে হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension