
কান ধরে উঠবোস নেতার
ভারতের উত্তরপ্রদেশে এক নির্বাচনী সভায় কান ধরে উঠবোস করেছেন দেশটির ক্ষমতাসীন বিজেপি দলের এক এমএলএ। আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই এমএলএ আজ বুধবার নির্বাচনী সভায় প্রথমে চেয়ারে উঠে বসেন। এরপর কান ধরে বেশ কয়েকবার উঠবোস করেন। এ সময় তিনি তার নির্বাচনী এলাকায় বিগত পাঁচ বছরে বিজেপি শাসনের যেকোনো ভুলের জন্য ক্ষমা চান।
উত্তর প্রদেশের সনভদ্রার রবার্টসগঞ্জে ভূপেশ চৌবে নামে ওই বিজেপি নেতা তার কর্মী সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় এমন অনুশোচনার কথা বলেন। এই এলাকায় ভূপেশ চৌবে ফের নির্বাচন করছেন।
সম্মেলনে কর্মীদের ‘ঈশ্বরতুল্য’ বলে প্রশংসা করেন ভূপেশ। তিনি সে সময় আবারও কর্মীদের কাছে আশীর্বাদ চান।
ভূপেশ বলেন, ‘হাত জোড় করে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি।’ এর পর তিনি আচমকা চেয়ারে উঠে কান ধরে উঠবোস করেন। এ সময় উপস্থিত কর্মীরা বিজপি এই নেতার সমর্থনে জোরে উল্লাসের সঙ্গে স্লোগান দিয়ে সাড়া দেয় ও হাত নাড়া দেয়।
তথ্যসূত্র: এনডিটিভি



