
কিউবায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি মিছিলে হাজারও মানুষ
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেলের নেতৃত্বে হাজার হাজার মানুষ ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে রাজধানী হাভানায় মিছিল করেছেন। তারা গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন।
সাদা-কালো রঙের ফিলিস্তিনি কেফিয়াহ পরা কানেলের সঙ্গে কিউবার প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো এবং পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজও মিছিলে উপস্থিত ছিলেন। তারা মার্কিন দূতাবাসের সামনে দিয়ে ২ কিলোমিটার রাস্তা হেঁটেছেন। কিউবায় অবস্থান করা ফিলিস্তিনি মেডিকেল শিক্ষার্থীরাও এই সমাবেশে যোগ দেন।
মিছিলে অংশ নেওয়া ইয়ানকুয়েল কার্ডোসো নামের একজন কিউবান নাগরিক বলেছেন, ‘আজ আমরা ফিলিস্তিনি জনগণকে সমর্থন করার জন্য এখানে এসেছি। সেই সমস্ত লোকদের আমরা সমর্থন করছি যারা এই গণহত্যার কারণে পরিবারের সদস্য, প্রিয়জনকে হারানোর বেদনা অনুভব করছেন। আমরা যুদ্ধ বন্ধ করতে এবং ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য দাবি জানাচ্ছি।’
অনেক তরুণ ইসরায়েলি বোমায় আহত শিশুদের ছবিসহ ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা পোস্টার নিয়ে মিছিলে এসেছিলেন। ২৬ বছর বয়সী ফিলিস্তিনি মেডিকেল শিক্ষার্থী সামি সাবালা বলেছেন, ‘এই মিছিল আমাদের জন্য অনেক কিছু। এটি আমাদের মধ্যে এমন এক অনুভূতির সৃষ্টি করে যে আমরা উপলব্ধি করতে পারি, ফিলিস্তিন একা নয়।’
৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। এরপর গাজা উপত্যকায় হামলা করে ইসরায়েলি বাহিনী। এক মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ এই ছিটমহলে অবিরাম বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এর ফলে প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু ছিল।
উল্লেখ্য, এই যুদ্ধের শুরু থেকেই কিউবা গাজাবাসীর বিরুদ্ধে ইসরায়েলি বর্বর হামলার নিন্দা জানিয়ে আসছে। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো কিউবার শীর্ষ নেতারা ফিলিস্তিনিদের জন্য আয়োজন করা এ ধরনের সংহতি সমাবেশে অংশ নিয়েছেন।
সূত্র: এপি



