
কিন্ডারগার্টেন সংগঠনগুলোর ১০ হাজার কোটি টাকা প্রণোদনা বরাদ্দের দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক
করোনা মহামারীতে বিপর্যস্ত প্রত্যেক শিক্ষককে এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিনাসুদে ১০ হাজার কোটি টাকা প্রণোদনা বরাদ্দের দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছে ১৮টি কিন্ডারগার্টেন সংগঠন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে ১৮টি কিন্ডারগার্টেন সংগঠনেরএক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়।
যৌথ সভায় সভাপতিত্ব করেন শিক্ষকনেতা ও মুক্তিযোদ্ধা এম. শাহজাহান আলী। সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের শিক্ষা সচিব এম এ মান্নান মনির।
সভায় ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে ‘কিন্ডারগার্টেন ও সমমান শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় কমিটি’ ও সকল সংগঠনের চেয়ারম্যানের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি এবং মহাসচিবদের সমন্বয়ে একটি কার্যনির্বাহী কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।
এসময় বক্তারা বলেন, প্রতিটি সেক্টরে প্রণোদনা দেওয়া হলেও আমরা কেন বঞ্চিত হবো? তারা করোনা মহামারীতে বিপর্যস্ত কিন্ডারগার্টেন ও শিক্ষকদের সমস্যা সমাধানে দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সূচনা বক্তব্য রাখেন যৌথ সভার সমন্বয়কারী সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ।
বিভিন্ন কিন্ডারগার্টেন সংগঠনের শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খন্দকার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নজরুল ইসলাম, ইস্কান্দার আলী হাওলাদার, নজরুল ইসলাম ঢালী, নূরুজ্জামান কায়েস, হাবিবুর রহমান, রেজাউল হক, জিএম কবির রানা, এইচ এম বাদল, মিজানুর রহমান সরকার, এম এ ছিদ্দিক মিয়া, ড. মনিরুজ্জামান, শান্তা ফারজানা, আহসান সিদ্দিকী, লায়ন তাজুল ইসলাম, মোমিন মেহেদী, জিএইচ ফারুক, শেখ মিজানুর রহমান, ফারুক আহমেদ, মো. সফিকুল ইসলাম স্বপন, মো. জহিরুল ইসলাম খান, মো. আলাউদ্দীন, জয়নাল আবেদীন জয়, সোহরাব হোসাইন, মো. মোজাম্মেল হক, ইব্রাহিম খলিল, মো, জাহাঙ্গীর আলম, মো. আলমগীর হোসেন, সৈয়দ হামিদুর রহমান, তকবির আহমেদ, নজরুল মাহমুদ প্রমুখ।❐



