ভারত

কেরালায় জিকা ভাইরাস শনাক্ত, পুরো রাজ্যে সতর্কতা জারি

ভারতের কেরালা রাজ্যে ১৫ জনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এরপরই রাজ্যের সব জেলায় সতর্কতা জারি করেছে প্রশাসন। খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আজ শুক্রবার (৯ জুলাই) রাজ্য স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ নিশ্চিত করেন যে, ত্রিভেনড্রাম (বর্তমানে তিরুবনন্তপুরম) জেলায় ভাইরাসটিতে আক্রান্তদের শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই স্বাস্থ্যকর্মী।

বিবৃতিতে বীনা জর্জ আরও জানান, ভাইরাসটি প্রথম শনাক্ত হয় ২৪ বছর বয়সী এক গর্ভবতী নারীর শরীরে। তিনি পার্শ্ববর্তী রাজ্য তামিলনাড়ুর সীমান্তবর্তী একটি শহরের বাসিন্দা।

গত ২৮ জুন তিনি জ্বর, মাথাব্যথা এবং চর্মরোগ নিয়ে কেরালার রাজধানী শহর ত্রিভেনড্রামের একটি হাসপাতালে ভর্তি হন। বুুধবার (৭ জুলাই) একটি সন্তানের জন্ম দিয়েছেন এই নারী। তবে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং ডেলিভারিও নরমাল হয়েছে। এমনকি রাজ্যের বাহিরে ভ্রমণ করার ইতিহাসও তার নেই, যোগ করেন তিনি।

কেরালার স্বাস্থ্য সচিব ড. রাজন খোবরগাদে বলেন, রোগটি সম্পর্কে মানুষকে সতর্ক করা এবং শক্তিশালী নজরদারির জন্য রাজ্য সরকার প্রাদুর্ভাব অঞ্চলে দল পাঠিয়েছে।

জিকা ভাইরাসটি ১৯৪৭ সালে সর্বপ্রথম উগান্ডার জিকা জঙ্গলে বসবাসরত বানরদের কাছ থেকে ছড়ায়। ১৯৫২ সালে আনুষ্ঠানিকভাবে এটিকে পৃথক ভাইরাস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

পরের বছর ১৯৫৩ সালে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, গবেষকরা ভারতে ভাইরাসটিতে আক্রান্ত মানুষ খুঁজে পায়। সে সময় ১৯৬টি নমুনা পরীক্ষা করে ৩৩ জনের শরীরে এটি শনাক্ত করা হয়। ২০১৬-২০১৭ সালে গুজরাটের আহমেদাবাদ শহরে ভাইরাসটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

ভাইরাসটি সাধারণত মশার মাধ্যমে ছড়িয়ে থাকে। তবে যৌন সংক্রমণও হতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension