গণমাধ্যমবাংলাদেশ

কে সাংবাদিক হবেন, তার নীতিমালা প্রয়োজন: প্রেস কাউন্সিলে তথ্যমন্ত্রী

ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করতে প্রেস কাউন্সিলকে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, কে বা কারা সাংবাদিক হবেন, তার একটি নীতিমালা থাকা দরকার। আজ সোমবার রাজধানীতে বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিক নেতারাও বক্তব্য দেন।

তথ্যমন্ত্রী বলেছেন, সরকার গণমাধ্যমের বিকাশের জন্য কাজ করে যাচ্ছে। গণমাধ্যমকর্মী আইন হলে গণমাধ্যমকর্মীরা সুরক্ষা পাবেন। সাংবাদিকদের কল্যাণের জন্যই গণমাধ্যমকর্মী আইন। যেহেতু সাংবাদিকদের জন্য আইন, সে জন্য সাংবাদিকরা যেভাবে চাইবেন, সেভাবে হবে। আইন হলে গণমাধ্যমকর্মীরা সুরক্ষা পাবেন। বিধিমালা বিস্তৃত করতে পারবেন।

প্রেস কাউন্সিলের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্রের বিকাশে গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন। একইসাথে প্রয়োজন দায়বদ্ধতারও। সেই দায়বদ্ধতা নিশ্চিত করার জন্যই জাতির পিতা বঙ্গবন্ধু প্রেস কাউন্সিল গঠন করেছেন। প্রেস কাউন্সিল একটি জুডিশিয়াল বোর্ড, এর মুখ্য কাজ হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিংবা গোষ্ঠি যদি কোনো সংবাদের জন্য সংক্ষুব্ধ হয়, তখন প্রেস কাউন্সিলে অভিযোগ দায়ের করলে কাউন্সিল সেটি নিষ্পত্তি করবে।

তিনি বলেন, এ কাউন্সিলকে আরো শক্তিশালী করতে প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী করে মন্ত্রণালয় খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। এটি পাস হলে কাউন্সিল আরো কার্যকর সেবা দিতে পারবে।

এসময় নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিয়ে বিএনপি বিতর্ক তৈরির অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন, প্রেস কাউন্সিল সদস্য দৈনিক প্রভাত সম্পাদক মুজাফফর হোসেন পল্টু, দ্য ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বিএফইউজে’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজে সভাপতি ওমর ফারুক ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension