
কোটালিপাড়ায় হিন্দু পল্লীতে পরিকল্পিত হামলার প্রতিবাদে নিউ ইয়র্কে মানববন্ধন
বাংলাদেশের গোপালগঞ্জের জেলার কোটালিপাড়ায় মাইকে মিথ্যা গুজব ছড়িয়ে হিন্দু পল্লীতে পরিকল্পিত হামলার প্রতিবাদে নিউ ইয়র্কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হিন্দু কোয়ালিশন আমেরিকার উদ্যোগে শুক্রবার ২৩ জুলাই জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন শিতাংশু গুহ , দীনেশ মজুমদার গোবিন্দ বানিয়াসহ আরও অনেকে।
সভাপতিত্ব করেন দীনেশ মজুমদার। পরিচালনায় ছিলেন গোবিন্দ বানিয়া । অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রকাশ গুপ্তা, লিটন চৌধুরী, মৈত্রীসার বড়ুয়া, গোবিন্দ বানিয়া, সুকান্ত দাশ টুটুলসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ঈদের দিন পরিকল্পিতভাবে হিন্দু পল্লীতে হামলা করা হয়। আরও লজ্জাজনক বিষয় হলো, মসজিদের মাইকে গুজব ছড়িয়ে এই হামলা চালানো হয়। অতীতেও এভাবে মসজিদের মাইক ব্যবহার করে গুজব ছড়িয়ে হিন্দু পল্লীতে হামলা করা হয়েছে। আজও সেসব হামলার বিচার হয় নি।
তারা আরও বলেন, একটি দেশের প্রধানমন্ত্রীর এলাকাতেও হিন্দুরা নিরাপদ নয় , তাহলে এ ঘটনা প্রমাণ করে যে, বাংলাদেশের কোথাও হিন্দুরা ধর্মাবলম্বীরা নিরাপদ নয়।



