প্রধান খবরভারত

কোনও গোপন সূত্র থেকে ৫৫৩ কোটি টাকা অনুদান পেয়েছে বিজেপি

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: কোনও অজানা উৎস থেকে ৫৫৩ কোটি টাকা অনুদান পেয়েছে বিজেপি। রাজনৈতিক দলগুলির মোট আয়ের ৮০ শতাংশ বিজেপির একার ঘরেই এসেছে। অন্যান্য পাঁচটি রাজনৈতিক দলের তুনায় বিজেপির গড় আয় চার গুন বেশি বলেও জানা গিয়েছে। সম্প্রতি ADR রিপোর্ট থেকে এই তথ্য উঠে এসেছে।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) বুধবার এই রিপোর্ট প্রকাশ করেছে। যদিও এই রিপোর্টে জাতীয় দলগুলির মধ্যে সিপিএমের হিসেব ধরা নেই। এডিআর জানিয়েছে, ২০১৭-১৮ আর্থিক বছরে সিপিএমের পাওয়া অর্থ সম্পর্কে সঠিক তথ্য না থাকার জন্য তাদের বাদ রেখেই এই রিপোর্ট তৈরি হয়েছে।

প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, গত ১৪ বছরে জাতীয় দলগুলি যে পরিমাণ আর্থিক অনুদান পেয়েছে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে, তার মধ্যে প্রায় ৮ হাজার ৮০০ কোটি টাকা এসেছে ‘গোপন’ বা অজ্ঞাত সূত্র থেকে। রিপোর্ট অনুযায়ী, গত ১৪ বছরে জাতীয় দলগুলি যে অনুদান পেয়েছে, তার মধ্যে ৮৭২১.১৪ কোটি টাকার অনুদানকারী সংস্থা বা ব্যক্তির নাম প্রকাশ করেনি তারা। এর মধ্যে, ২০১৭-১৮ আর্থিক বর্ষে মোট ৬৮৯.৪৪ কোটি টাকা এসেছে অজ্ঞাত পরিচয় সূত্রে।

এডিআর-এর তথ্য অনুযায়ী, প্রাপ্ত অনুদানের ৫০ শতাংশেরও বেশি টাকার ক্ষেত্রে অনুদানকারীর নাম জানায়নি জাতীয় দলগুলি। যদিও, ২০১৩ সালের আরটিআই আইন অনুযায়ী ২০ হাজার টাকার বেশি অনুদান পেলে অনুদানকারীর পরিচয় জানানো রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে বাধ্যতামূলক।

শুধুমাত্র ২০১৭-১৮ আর্থিক বর্ষে যে ৬৮৯.৪৪ কোটি টাকা অনুদান ‘গোপন’ বা অজ্ঞাত সূত্র থেকে জাতীয় দলগুলি (সিপিএম বাদে) পেয়েছে, তার মধ্যে বিজেপির একার রয়েছে ৫৫৩.৩৮ কোটি টাকা। এই অনুদান এসেছে মূলত ইলেক্টোরাল বন্ড, ত্রাণ তহবিল, স্বেচ্ছাকৃত দান, বিভিন্ন মিটিং বা মোর্চা থেকে পাওয়া অনুদান ইত্যাদি উৎস থেকে। এই তালিকায় বিজেপি ছাড়া রয়েছে কংগ্রেস, বিএসপি, এনসিপি ও তৃণমূল।

২০১৭-১৮ আর্থিক বছরে ৬ টি জাতীয় দল মোট ১২৯৩.০৫ কোটি টাকা অনুদান পেয়েছে। এর মধ্যে মাত্র ৪৬৭.১৩ কোটি টাকার উৎস নির্বাচন কমিশনের কাছে প্রকাশ করেছে তারা। অর্থাৎ, মোট অনুদানের মাত্র ৩৬ শতাংশ টাকার বিস্তারিত তথ্য দিয়েছে দলগুলি। এছাড়া,মেম্বার ফিজ, ব্যাঙ্ক ইন্টারেস্ট, দলের মুখপত্র বিক্রি করে আরও ১৩৬.৪৮ কোটি টাকা (১১ শতাংশ) আয়ের তথ্য তারা নির্বাচন কমিশনে দিয়েছে। বাকি ৫৩ শতাংশ টাকা আয়ের কোনও সূত্র প্রকাশ করেনি জাতীয় দলগুলি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension