
কয়েদি নম্বর পি০১১৩৫৮০৯, ট্রাম্পের ‘মাগ শট’ দেখল বিশ্ব
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্টের ‘মাগ শট’ প্রকাশ পেল। এর মধ্যে দিয়ে অনাকাঙিক্ষত ইতিহাসের অংশ হলেন ডোনাল্ড ট্রাম্প।
ভোটের ফল পাল্টে দেওয়ার চেষ্টার মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার আটলান্টা কারাগারে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। আর এর ফল হিসেবে ইতিহাসে প্রথমবারের মত কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের মাগ শট দেখার সুযোগ হল বিশ্বের।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে ট্রাম্প আত্মসমর্পণ করলে তাকে গ্রেফতার দেখানো হয়। পরে ২০ মিনিট পর দুই লাখ ডলারের মুচলেকায় জামিন দেওয়া হয় তাকে।
ট্রাম্পকে গ্রেফতার করার পর নিয়ম অনুযায়ী কারাগারে তার আঙুলের ছাপ নেওয়ার পাশাপাশি ছবি তোলা হয়। কয়েদির মুখমণ্ডলের ওই ছবিকেই বলা হয় ‘মাগ শট’।
কারা কর্তৃপক্ষ পরে ট্রাম্পের ওই মাগ শট প্রকাশ করে। সেই ছবিতে গম্ভীর মুখের ট্রাম্পকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম দেশটির কোনো সাবেক প্রেসিডেন্টের মাগ শট প্রকাশ পেল। ফুলটন কাউন্টি জেল এর রেকর্ডে ট্রাম্প এখন কয়েদি নম্বর পি০১১৩৫৮০৯।
জেলের ওয়েবসাইটে কয়েদি হিসেবে ট্রাম্পের বর্ণনায় বলা হয়, ট্রাম্প একজন শেতাঙ্গ পুরুষ, উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি, ওজন ৯৭ কেজি, ব্লন্ড চুল এবং নীল চোখ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফৌজদারি মামলায় গত পাঁচ মাসে এ নিয়ে চতুর্থবার গ্রেফতার হলেন ট্রাম্প। তবে পুলিশের খাতায় এই প্রথম তার মাগ শট জায়গা পেল।
জামিনে মুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টে ট্রাম্প তার ওয়েবসাইটের ঠিকানা এবং মাগ শটটি পোস্ট করে লেখেন, ‘নির্বাচনে হস্তক্ষেপ। কখনো আত্মসমর্পণ নয়!’
২০২১ সালের জানুয়ারি মাসের পর এই প্রথম টুইটারে (বর্তমান নাম এক্স) পোস্ট দিলেন তিনি।
ট্রাম্প তার বিরুদ্ধে হওয়া মামলাগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ প্রণোদিত’ বলে বর্ণনা করে আরও বলেন, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে চ্যালেঞ্জ জানানোর দৌড়ে রিপাবলিকান দল থেকে তিনিই সবার আগে আছেন।
বিবিসি প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের মধ্যে প্রথম অভিযুক্ত হওয়া ট্রাম্প বৃহস্পতিবার বিকালে নিউ জার্সি থেকে প্রাইভেট উড়োজাহাজে করে জর্জিয়া পৌঁছান।



