
খুলনা-বরিশালে ভোট হচ্ছে সুষ্ঠু: ইসি
খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ‘খুব সুন্দর, সুষ্ঠু এবং অবাধভাবে’ ভোটগ্রহণ হচ্ছে দাবি করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। তিনি বলেন, ‘সিইসিসহ আমরা প্রত্যেকটা সিসি ক্যামেরা মনিটরিং করছি। সকাল থেকে এতো বেশি উৎসবমুখর পরিবেশে ভোটার উপস্থিতি, যে কল্পনার বাইরে। আমাদের স্বস্তি দিয়েছে এটা যে কমিশনের সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা ভোটারদের আশ্বস্ত করেছে এবং তাদের ভোটকেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করেছে।’
সোমবার (১২ জুন) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই দুই সিটির ভোট সিসি ক্যামেরায় মনিটরিংয়ের এক পর্যায়ে সাংবাদিকদের মো. আহসান হাবিব খান এ কথা বলেন।
নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, ‘আমরা মাঠ পর্যায় থেকে রিপোর্ট পাচ্ছি। আমাদের নিজস্ব পর্যবেক্ষক টিমের কাছ থেকে। বরিশালে আমাদের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গেছেন এবং খুলনায় গেছেন যুগ্মসচিব মনিরুজ্জামান। তাদের সঙ্গে ১০ জন করে কর্মকর্তারা আছেন। তাদের কাছ থেকে যে ফিডব্যাকটা পেলাম খুব সুন্দর, সুষ্ঠু এবং অবাধভাবে নির্বাচন হচ্ছে।’



