
খুলনা বিভাগে সাংগঠনিক সফর শুরু করেছে আওয়ামী লীগ
রূপসী বাংলা নিউজ ডেস্ক: আওয়ামী লীগের আসন্ন ২১তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে খুলনা বিভাগের জেলাসমূহে সাংগঠনিক সফর শুরু করেছে দলটি। শনিবার খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা চুয়াডাঙ্গায় সাংগঠনিক সফর এবং জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অংশগ্রহণ করেন।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, আগামী ১৩ মে (সোমবার) যশোর এবং নড়াইল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা, ১৪ মে (মঙ্গলবার) সাতক্ষীরা জেলা, ১৮ মে (শনিবার) খুলনা মহানগর, ১৯ মে (রোববার) খুলনা জেলা, ২০ মে (সোমবার) বাগেরহাট জেলা এবং ২১ মে (মঙ্গলবার) ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক নেতারা অংশগ্রহণ করবেন।
খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক টিমের সদস্যরা হলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট আমিরুল ইসলাম মিলন ও পারভীন জামান কল্পনা।



