
গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই দেশের উন্নতি হবে: প্রধানমন্ত্রী
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার, তারা যাকে খুশি তাকে ভোট দিবে। কিন্তু গণতান্ত্রিক ধারাটা যেন অব্যাহত থাকে, কারণ গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই দেশের উন্নতি হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার শাহবাগে আইন এবং প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাধীনতার পর মাত্র ৩ বছরে দেশের উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা তার স্বপ্নের বাংলাদেশ গঠনের জন্যই কাজ করে যাচ্ছি।
শেখ হাসিনা আরও বলেন, ২০২১ সাল পর্যন্ত আমাদের লক্ষ্য দারিদ্র্যের হার এখন থেকে ৪-৫ ভাগ কমিয়ে আনা। আমেরিকার দারিদ্র্যের হার এখন ১৮, আমরা দারিদ্র্যের হার তাদের থেকে ১ ভাগ হলেও কমাবো। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন ২০০৯ সালে ছিল ৩২০০ মেগাওয়াট আর আজকে আমরা ২০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন করেছি। আমাদের দেশের প্রায় ৯৩ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে, আমাদের লক্ষ্য প্রতিটি ঘরে আলো জ্বালবো, প্রতিটি মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেব। রাস্তা-ঘাট-পুল-ব্রীজ স্থাপনে উন্নয়ন করে যাচ্ছি আমরা। সেই সাথে মানুষের জীবনমান উন্নত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি, যা বাস্তবায়ন করার পরিকল্পনাও আমরা নিয়েছি। এর ফলাফল, বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ। আজকে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ।
জনগণের দোরগোড়ায় স্বাধীনতার সুফল পৌঁছে দিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রেক্ষিত পরিকল্পনা হাতে নিয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে তোলার জন্য কাজ করছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মাথপিছু আয় বৃদ্ধি, প্রবৃদ্ধি বৃদ্ধি, দারিদ্র্র বিমোচন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, শিক্ষাক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছি আমরা। প্রবৃদ্ধি ৭.৮৬ ভাগে উন্নীত হয়েছে। মাথপিছু আয় ১৭৫১ মার্কিন ডলার হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ করে দেশকে উন্নতির দ্বারপ্রান্তে নিয়েএসেছি।
তিনি বলেন, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে সরকার। ২০১৫ সালে জাতিসংঘ ২০৩০ সালকে টার্গেট করে এসডিজি পরিকল্পনা গ্রহণ করেছে। সপ্তম পঞ্চবর্ষিকীতে এসডিজির যেগুলো বাংলাদেশের জন্য প্রয়োজন সেগুলো সরকার গ্রহণ করেছে। এছাড়াও ২০২১-২০৪১ এই ২০ বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনাও আমরা গ্রহণ করেছি।
আইন এবং প্রশাসন কর্মকর্তাদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আজকে এখানে যারা উপস্থিত ২০৪১ সাল পর্যন্ত দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য যারা প্রস্তুত তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। সরকারি কর্মকর্তাদের সুবিধার্থে সরকার জেলা ও উপজেলায় বাসস্থান সুবিধাসহ নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে বলে জানান তিনি। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নির্মূলে সবাইকে কাজ করার নির্দেশ দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, দেশের মানুষকে ভালোবেসে দেশের উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
এরপর বিসিএস প্রশাসন একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।



