
গাইতে হতে পারে ‘একলা চলো রে’, মমতাকে হুঁশিয়ারি সাংসদ শত্রুঘ্ন সিনহা
রূপসী বাংলা কলকাতা ডেস্ক:১৯ জানুয়ারির ব্রিগেডের মঞ্চে বিহারীবাবুর উপস্থিতি ছিল উজ্জ্বল। মমতার ব্রিগেডে তারকার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করেছিলেন অনেকেই। বিজেপির বিক্ষুব্ধ এই সাংসদ শত্রুঘ্ন সিনহাই এবার সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
একদিকে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআই-এর হাত থেকে বাঁচাতে ধর্নায় বসেছেন মমতা। তাঁর দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন সেদিন ব্রিগেডে উপস্থিত থাকা প্রায় সব নেতাই। কলকাতায় এসে হাজির হয়েছেন তেজস্বী যাদব ও কানিমোঝি। চন্দ্রবাবু নাইডু ও কেজরিওয়ালের আসার কথাও শোনা যাচ্ছে। তার মধ্যেই বিহারীবাবুর সাবধানবাণী।

সোমবারই এই ইস্যুতে ট্যুইটবার্তা দিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। বলেছিলেন, ‘হাওয়াই চটি আর সাদা শাড়ি পরা মমতার সঙ্গে আগুন নিয়ে খেলছেন মোদী।’ মোদী সরকারের প্রবল সমালোচনা করেন শত্রুঘ্ন সিনহা। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রের সরকার যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছেন, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, বিজেপি গ্রহণযোগ্যতা হারিয়েছে। বিজেপি যা বলছে, জনগণ তা আর বিশ্বাস করছে না।
এরপর মঙ্গলবার ফের ট্যুইট করেন। এবার মমতাকে উদ্দেশ্য করে।
এদিন তিনি লিখেছেন, ‘লোকে বলছে যে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে গিয়ে ৪০ জন সিবিআই অফিসারকে পাঠানো কি আসলে দেশকে এমার্জেন্সির দিকে নিয়ে যাচ্ছে? কেন সব বিরোধীরা আয়রন লেডি মমতার সঙ্গেই জোট বাঁধতে চাইছে?’
মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘একটু সাবধানে দেখভাল করুন। নাহলে আপনাকেই গাইতে হবে ‘একলা চলো রে।’ তাঁর আশা, খুব তাড়াতাড়ি মানুষ ভাল-টা বুঝতে শুরু করবে। আর যত তাড়াতাড়ি সেটা হবে, ততই ভাল।
এদিকে মঙ্গলবার এই ইস্যুতে সরব হয়েছেন জেটলি। তিনি বলেন, এটা ভাবলে ভুল হবে যে, নিছক একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্ত করতে যাওয়ার জন্যই এই ধর্না বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, বিরোধীদের কেন্দ্রে থাকার জন্যই এই পদক্ষেপ নিয়েছেন নেত্রী। অন্যান্য বিরোধী দলের নেতাদের থেকে নিজের দিকে ফোকাস ঘুরিয়ে নিতেই এমন করছেন মমতা।
উল্লেখ্য, রবিবার রাত থেকে নাটকের সূত্রপাত। রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রতিবাদে রাতেই ধর্নায় বসে যান মমতা। মঙ্গলবারও চলছে সেই ধর্না।
By the way! People are asking that by sending 40 CBI officers without warrant and contrary to Kolkata high court order to question/arrest the top police officer of Bengal – are we heading for an emergency? Why are we bent upon uniting the entire opposition in favor of
— Shatrughan Sinha (@ShatruganSinha) February 5, 2019



