
মমতার ধর্না প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী জেটলি।
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি। পশ্চিমবঙ্গে সিবিআই-পুলিশ সংঘাত ও মমতার ধর্না প্রসঙ্গে জেটলি বলেন, ভারতের দখল নিতে চাইছে একদল ‘ক্লেপ্টোক্র্যাট।’ সব বিরোধী দলকে ডেকে আসলে রাজনৈতিক খেলা খেলছেন বলেই উল্লেখ করেছেন জেটলি।
বর্তমানে চিকিৎসার স্বার্থে বিদেশে আছেন জেটলি। পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে সেখান থেকে প্রতিক্রিয়া দেন তিনি।
মমতার ‘সেভ ইন্ডিয়া’ মঞ্চে একে একে জড় হচ্ছেন তেজস্বী, কানিমোঝি, চন্দ্রবাবু নাইডুরা। ১৯ জানুয়ারি ব্রিগেডের মঞ্চে যাদের দেখা গিয়েছিল, তাঁরা প্রায় প্রত্যেকেই সমর্থন জানিয়েছেন। আর এই জোট নিয়েই সরব হয়েছেন জেটলি। তিনি বলেন, এটা ভাবলে ভুল হবে যে, নিছক একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্ত করতে যাওয়ার জন্যই এই ধর্না বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, বিরোধীদের কেন্দ্রে থাকার জন্যই এই পদক্ষেপ নিয়েছেন নেত্রী। অন্যান্য বিরোধী দলের নেতাদের থেকে নিজের দিকে ফোকাস ঘুরিয়ে নিতেই এমন করছেন মমতা।

‘ক্লেপ্টোক্র্যাট’-দের ক্লাব বা ‘দুর্নীতিগ্রস্ত শাসকের দল বলে বিরোধীদের আখ্যা দিয়েছেন তিনি। মমতা, তেজস্বী, কেজরিওয়ালদের কথা উল্লেখ করে জেটলি বলেন, এদের মধ্যে একটাই মিল। এরা প্রত্যেকেই ক্ষমতায় আসার জন্য উদগ্রীব।
অন্যান্য নেতাদের প্রসঙ্গ টেনে জেটলি বলেন, ‘মমতার বিহারের সঙ্গী (তেজস্বী) অপরাধীদের দলের নেতা। অন্ধ্রপ্রদেশের বন্ধু (চন্দ্রবাবু) চালায় ঠিকাদারদের দল। উত্তরপ্রদেশের দুই সঙ্গী (অখিলেশ, মায়াবতী) দুর্নীতির ঐতিহ্য বহন করছে। আর দিল্লির ভাই (কেজরিওয়াল)-এর সরকার তো শেষের পথে।
একইসঙ্গে সারদা ইস্যুতে রাহুলের মত পরিবর্তন নিয়ে কটাক্ষ করেন তিনি।



