Uncategorized

গৌতম বুদ্ধের শিক্ষা ও দর্শন।

পর্ব চারের দুই

 

গৌতম বুদ্ধের শিক্ষার সঠিক মূল্যায়নের জন্য পাশ্চাত্য দার্শনিকদের মধ্যে শোপেন হাওয়ার (Schopen Hauer) , নিটশে (Nietzsche) , কিয়ের্কেগার্ড (Kierkegaard)  প্রমুখ সম্পর্কে কী বলেছেন তার সঙ্গে তুলনা করে দেখতে পারি।

শোপেন হাওয়ার একজন দু:খবাদী দার্শনিক। তাঁকে অনেকেই “Prince of Pessimism” বলেন। তাঁর মতে, এ জগত দু:খের আলয়। দু:খই আমাদের জীবনের উদ্দেশ্য। সুখ অকল্পনীয় ও অসম্ভব বস্তু। যতই আমাদের জ্ঞান বাড়ে, ততই আমাদের দু:খ বাড়ে। কিন্তু গৌতম বুদ্ধ দু:খের কথা বললেও আশার বাণী শুনিয়েছেন, বাঁচার পথ দেখিয়েছেন। শোপেন হাওয়ার বৌদ্ধধর্মকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম মনে করলেও বুদ্ধের মূল শিক্ষা থেকে অনেক দূরে সরে আছেন।

বুদ্ধের শিক্ষা আমাদের আশার আলো দেখায়, আর শোপেন হাওয়ার তাঁর সামনে পর্দা টেনে আমাদের হতাশার অন্ধকারে ঠেলে দেন। শোপেন হাওয়ার জ্ঞানকে সুখের অন্তরায় হিসেবে দেখেছেন। অথচ সব দর্শন ও ধর্ম জ্ঞানকে মুক্তির একমাত্র উপায় বা অন্যতম উপায় হিসেবে ব্যাখ্যা করেছে। এমনকি মীমাংসা দর্শনে যেখানে যাগযজ্ঞ ও উপাসনার প্রাধান্য বা বৈঞ্চব দর্শনে যেখানে ভক্তিতেই মুক্তির কথা বলা হয়েছে, সেখানেও জ্ঞানকে উপেক্ষা করা হয়নি। বরং জ্ঞানই যে মুক্তির মূলে তা স্বীকার করা  হয়েছে।

ইসলাম ধর্মেও জ্ঞানকে মুক্তির পথ হিসেবে প্রাধান্য দেয়া হয়েছে। তাই গৌতম বুদ্ধের সম্যক জ্ঞানের উপর জোর দেওয়া যে কতটুকু সংগত তা সহজেই অনুমেয়। নিটশেও দু:খ নিয়ে আলোচনা করেছেন । তবে তাঁর বক্তব্য আরও ভিন্নতর। তিনি প্রথম জীবনে শোপেন হাওয়ার দ্বারা প্রভাবিত হলেও পরে সে প্রভাব কাটিয়ে উঠতে পেরেছেন। সে যাই হোক তিনি মায়া-মমতা, দয়া-সহানুভূতি ইত্যাদিকে অনেক ছোট করে দেখিয়েছেন। তাঁর কাছে মানবিক গুণের চেয়ে শক্তির গুরুত্ব বেশী। তিনি বলেন, উচ্চতর সম্প্রদায়ের স্বার্থে নিম্নতর সম্প্রদায়ের ধ্বংস হওয়া

উচিত। গৌতম বুদ্ধের দর্শন ঠিক এর বিপরীত। তাঁর শিক্ষা ভালোবাসা আর দয়ার কথায় পূর্ণ। তাঁর কাছে ছোট-বড় কেউ নেই। তিনি হিন্দু সম্প্রদায়ের ব্রাহ্মণ, ক্ষত্রীয়, বৈশ্য ও শূদ্র- এই শ্রেণী বিভাগ অস্বীকার করেছেন। তাঁর মতে, জন্মগত কারণে মানুষের মধ্যে কোন ভেদাভেদ নেই। তাই নিটশের দর্শনের মতো উচ্চতর শ্রেণী বা সম্প্রদায়ের স্বার্থে নিম্নতর শ্রেণী বা  সম্প্রদায়ের ধ্বংস বৌদ্ধধর্ম ও দর্শনে অকল্পনীয়।

 

–কাজী নুরূল ইসলাম।

ছবিঃ জেমস ব্রিত (Acrylic Painting by James Britto)

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension