আঞ্চলিকপ্রধান খবরবাংলাদেশ

ঘর থেকে মা ও মেয়েকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একটি দুর্গম চরে মা ও মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে কোম্পানীগঞ্জ থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হাসান (৪৫) ও হারুন (৩২)।

চরবালুয়া থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহাদাত হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে হাসান ও হারুককে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম জানান, রোববার সকালে কোম্পানীগঞ্জ থানায় ধর্ষণের মামলা হয়েছে। অভিযুক্ত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ভুক্তভোগী মা-মেয়েকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।।

নির্যাতনের শিকার নারী অভিযোগ করেন, তাঁর স্বামী কাভার্ড ভ্যান চালক। বাড়িতে তিনি তাঁর মেয়ে (১৭), এক দেবরসহ (২১) থাকেন। তাঁদের বাড়ির আশপাশে তেমন কারও বাড়িঘর নেই। গত রোববার রাত ১১টার দিকে একই ইউনিয়নের বাসিন্দা ছয় যুবক তাঁর বাড়িতে আসে। তাঁরা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে তাঁর দেবরের মুখ, হাত-পা বেঁধে রাখে। এরপর তাঁর মেয়ে ও তাঁকে ঘর থেকে বের করে নিয়ে যায়।

নারীর অভিযোগ, যুবকদের মধ্যে তিনজন তাঁকে টেনে নিয়ে যায় বাড়ির পুকুরপাড়ে। আর তিনজন তাঁর মেয়েকে বসতঘরের পাশের রান্নাঘরের সামনে নিয়ে যায়। এরপর তাঁকে পুকুরপাড়ে ও মেয়েকে রান্নাঘরের সামনে রাত তিনটা পর্যন্ত ধর্ষণ করে ওই যুবকেরা। যাওয়ার সময় ঘর থেকে টাকাপয়সাসহ জিনিসপত্রও লুট করে নিয়ে যায়। ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকিও দিয়ে যায় তারা।

নারী অভিযোগ করেন, তাঁকে ও মেয়েকে ধর্ষণের ঘটনায় জড়িত ছয়জনের সবাই চর এলাহী বিএনপির এক সাবেক নেতার (যিনি ৫ আগস্টের পর খুন হয়েছেন) অনুসারী। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। তারা সবাই এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুর রহমান বলেন, চর এলাহী ইউনিয়নে একটি ধর্ষণের ঘটনা তিনি শুনেছেন। তবে কে বা কারা ওই ঘটনায় জড়িত, সেটি জানেন না। ‌এই ঘটনায় যারাই জড়িত, পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আইনগত ব্যবস্থা নেবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension