
চার বছরে তেহরানের বিরুদ্ধে ১৫ হাজার নিষেধাজ্ঞা ওয়াশিংটনের
যুক্তরাষ্ট্র গেল চার বছরে ইরানের বিরুদ্ধে ১৫ হাজারের বেশী নিষেধাজ্ঞা আরোপ করেছে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি মঙ্গলবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ দাবি করেন।
মাজিদ রাভাঞ্চি বলেন, ইরানের বিরুদ্ধে গত চার বছরে ১৫ হাজারের বেশী নিষেধাজ্ঞা আরোপ করলেও পারমাণবিক চুক্তি বাস্তবায়নের ব্যাপারে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে ইউরোপিয় ইউনিয়ন। এমনকি করোনা মহামারীর বিরুদ্ধে ইরান যখন কঠোর লড়াই করছে তখনো যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং তা কার্যকরে সহযোগিতা করেছে ইউরোপ।
২০১৫ সালে স্বাক্ষরিত ওই চুক্তিতে ইরানকে পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানার শর্তে তাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানি। তিন বছর পর, ২০১৮ সালে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন।❐
পার্স টুডে



