
চীনের সঙ্গে ভারতের তুলনা করবেন না: মোদি
সাম্প্রতিককালে আন্তর্জাতিক মহলে বারবার ভারতের সঙ্গে চীনের তুলনা টানা হয়েছে। এ নিয়ে কোনো রাখঢাক না রেখেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, চীনের সঙ্গে নয়, ভারতের তুলনা হওয়া উচিত অন্য গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে। সমপ্রতি বৃটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস তাকে এমন একটি প্রশ্ন করলে তার জবাবে এ কথা বলেন মোদি। খবর হিন্দুস্তান টাইমসের।
খবরে বলা হয়, ভারতে দুর্নীতি, প্রশাসনিক বাধা, প্রশিক্ষিত কর্মীর অভাব, বেকারত্বের মতো ইস্যু নিয়ে মোদিকে প্রশ্ন করেছিল ফিন্যান্সিয়াল টাইমস। সঙ্গে চীনের কথাও জুড়ে দেন প্রশ্নকারী। এর জবাবে মোদি বলেন, ভারতের তুলনা অন্য গণতন্ত্রের সঙ্গে হওয়া উচিত। আমাদের প্রতিবেশীর সঙ্গে আমাদের তুলনা টানা উচিত না। পাশাপাশি বেকারত্ব, দুর্নীতির মতো ইস্যু নিয়ে চিন্তার কারণ নেই বলে দাবি করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, এটা মাথায় রাখতে হবে- এই যে সমস্যার কথা বলা হচ্ছে, সেগুলো যদি সত্যি সত্যি গুরুতর আকার ধারণ করতো, তাহলে বিশ্বের দ্রুততম অর্থনীতির তকমা পেত না ভারত। অনেক সময়ই পূর্ব-ধারণা থেকে এই ধরনের সমস্যা আছে বলে মনে করা হয়। সেই পূর্ব-ধারণা বদলাতে বেশ সময় লাগে।
তিনি যুক্ত করেন যে, ভারতের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা সম্পূর্ণ ইকোসিস্টেম রয়েছে। ভারতে থাকা স্বাধীনতাকে ব্যবহার করে সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ হচ্ছে। প্রতিদিনই সম্পাদকীয়, টিভি চ্যানেলের অনুষ্ঠান, সোশ্যাল মিডিয়া, ভিডিও ও টুইটের মাধ্যমে নানা অভিযোগ আসছে।
সাক্ষাৎকারে মোদিকে প্রশ্ন করা হয় যে, বিরোধীরা আশঙ্কা করছে, তৃতীয় দফায় যদি বিজেপি বড় ব্যবধানে জয়ী হয়ে সরকার গঠন করে তাহলে ভারতের ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নয়া সংবিধান আনা হতে পারে। এই বিষয়ে আপনার কী মতামত? এই প্রশ্নের জবাবে মোদি বলেন, এই ধরনের দাবি আদতে ভারতের জনগণকে অপমান করার সামিল। বৈচিত্র্য এবং গণতন্ত্রের প্রতি ভারতীয়দের অঙ্গীকারকেও অপমান করা হচ্ছে এই ধরনের জল্পনার মাধ্যমে।



