যুক্তরাষ্ট্র

জনসভায় হামলার ঘটনায় ট্রাম্পের সঙ্গে কথা বলবে এফবিআই

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি নির্বাচনি সভায় বন্দুকধারী হামলায় ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায় একটি গুলি। রক্তাক্ত অবস্থায় মঞ্চ ছাড়েন ট্রাম্প। আক্রমণকারীকে ঘটনাস্থলেই হত্যা করেন নিরাপত্তারক্ষীরা। তবে হামলার কারণ এখনো খুঁজে পাননি তদন্তকারীরা। সে কারণে ট্রাম্পের বক্তব্য শুনতে চায় এফবিআই। ট্রাম্প কী দেখেছেন, শুনবে তারা।

মঙ্গলবার জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এ হামলাটি কেন করেছিলেন ওই ব্যক্তি, তা এখনো স্পষ্ট নয়। বস্তুত ঘটনার পর আঙুল উঠেছে সিক্রেট সার্ভিসের কর্মীদের দিকে। কেন তারা আগে থেকে পরিস্থিতি বুঝতে পারেননি— এই প্রশ্ন উঠেছে। কিন্তু সিক্রেট সার্ভিসের প্রধান স্বয়ং জানিয়েছেন, যে ব্যক্তি গুলি চালিয়েছিল, তিনি যে গুলি চালাতে পারেন, এমনটি তারা ভাবেননি। তার প্রোফাইল দেখেও কোনো থ্রেট পারসেপশন বোঝা যায়নি।

এ পরিস্থিতিতে গোটা ঘটনার তদন্তে নেমেছে এফবিআই। আগেই তারা ট্রাম্পের সঙ্গে কথা বলতে চেয়েছিল। এতদিন পর ট্রাম্প কথা বলতে রাজি হয়েছেন। সাবেক প্রেসিডেন্টের গোটা ঘটনা নিয়ে কী মনে হয়েছে, তিনি সেদিন ঠিক কী কী দেখেছিলেন— এসব তথ্য জানতে চাইবে এফবিআই।

এফবিআই এজেন্ট কেভিন রোজেক জানিয়েছেন, যে কোনো ঘটনা ঘটলেই আক্রান্তের সঙ্গে কথা বলা হয়। এ ক্ষেত্রেও সে কাজই করা হবে।

অন্যদিকে একটি টেলিভিশন চ্যানেলকে ট্রাম্প জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার এফবিআই তার সঙ্গে কথা বলবে।

এফবিআই জানিয়েছে, আক্রমণকারী অত্যন্ত বুদ্ধিমান বলেই তারা জেনেছেন। কলেজের পর সে চাকরি করতে শুরু করেছিল। খুব বেশি বন্ধু ছিল না তার। মূলত পরিবারের সদস্যদের সঙ্গেই ছিল তার ওঠবস। কিন্তু এ ঘটনা সে কেন ঘটাল তা এখনো স্পষ্ট নয়। কারও সঙ্গে পরামর্শ করেও সে এ কাজ করেছে বলে মনে করা হচ্ছে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension