
জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিন কারাগারে ছুরিকাহত
মার্কিন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিন কারাগারে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে তার ওপর এ হামলা চালানো হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল রয়েছে। খবর এপি, হিন্দুস্তানটাইমস।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব প্রিজন জানায়, অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসনের ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউশন কারাগারে বন্দী ছিলেন শোভিন। সেখানে কারগারেরই আরেক বন্দী শোভিনকে ছুরি দিয়ে হামলা করেন। হামলাটি বেশ গুরুতর ছিল। শোভিনকে জরুরি চিকিৎসার জন্য একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
২০২০ সালের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরে পুলিশের হাতে নির্মমভাবে নিহত হন জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ। জাল নোট ব্যবহারের অভিযোগ এনে জর্জ ফ্লয়েডকে আটক করেছিলেন তৎকালীন পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিন। পরে সড়কের উপর ফেলে হাঁটু দিয়ে ফ্লয়েডের ঘাঁড় চেপে ধরেন। ৯ মিনিটের বেশি সময় ধরে এভাবে ফ্লয়েডের ঘাড় চেপে ধরে রাখেন তিনি। এক পর্যায়ে দম বন্ধ হয়ে মারা যান ফ্লয়েড।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন শহরে পুলিশি নৃশংসতা ও বর্ণবাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে বিষয়টি আদালতে যায়। ২০২১ সালের এপ্রিলে শোভিনকে দ্বিতীয়-ডিগ্রি অনিচ্ছাকৃত হত্যা, তৃতীয়-ডিগ্রি হত্যাসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়। তাকে সে সময় সাড়ে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ফ্লয়েড হত্যাকাণ্ডে ডেরেক শোভিন ছাড়াও আরও তিন পুলিশ কর্মকর্তা অভিযুক্ত হন।



