আন্তর্জাতিক

জর্ডান বন্দর নগরীতে গ্যাস লিক হয়ে মৃত্যু ১৩, আহত ২৫১

জর্ডানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী আকাবায় ক্লোরিন গ্যাস লিক হয়ে কমপক্ষে ১৩ জন নিহত এবং ২৫১ জন আহত হয়েছে।

সোমবার (২৭ জুন) এ ঘটনা ঘটে বলে জানান সরকারের মুখপাত্র ফয়সাল আল-শাবুল।

কর্মকর্তারা জানান, জিবুতিতে রপ্তানি করা ২৫ টন ক্লোরিন গ্যাস ভর্তি একটি ট্যাংক পরিবহনের সময় পড়ে গিয়ে ছিদ্র হয়। এতে বিষাক্ত গ্যাসটি ছড়িয়ে পড়ে।

দেশটির সংশ্লিষ্ট অধিদপ্তর জানায়, কর্তৃপক্ষ আহতদের হাসপাতালে নেওয়ার পরে এলাকাটি বন্ধ করে দিয়েছে এবং গ্যাসের আরও ছড়িয়ে পড়া ঠেকাতে বিশেষজ্ঞদের ঘটনাস্থলে প্রেরণ করেছে।

আল-মামলাকা টিভি জানায়, ১৯৯ জন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল ওবেদাত মানুষকে ঘরের ভেতরে থাকতে এবং জানালা-দরজা বন্ধ রাখার আহ্বান জানান। নিকটতম আবাসিক এলাকা ২৫ কিলোমিটার দূরে।

জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনের টুইটার পেজে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটি ট্যাংক উইঞ্চ (শক্তিশালী কপিকল) থেকে জাহাজের ডেকে আছড়ে পড়ে। এরপরে হলুদ রঙের গ্যাস বাতাসে উঠতে থাকে এবং লোকেরা পালাতে থাকেন।

সিভিল ডিফেন্স সার্ভিসের ফেসবুক পেজে বলা হয়,

বিশেষায়িত দলগুলো এখনও লিক সারাতে কাজ করছে এবং উদ্ধারকারী বিমান আকাবায় পাঠানো হচ্ছে।

রাষ্ট্রীয় টিভি জানায়, প্রধানমন্ত্রী বিশার আল-খাসাওনেহ আকাবায় পৌঁছেছেন এবং আহতদের দেখতে একটি হাসপাতালে যাচ্ছেন।

রাষ্ট্রীয় টেলিভিশন তথ্যমন্ত্রীকে উদ্ধৃত করে জানায়, আল-খাসাওনেহ স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে এই ঘটনার তদন্ত কমিটি গঠন করেছেন।

আলজাজিরা, গার্ডিয়ান

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension