বাংলাদেশ
‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সারা বিশ্বের রোলমডেল বাংলাদেশ’
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রত্যেকটা দেশকেই একসাথে কাজ করতে হবে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সারা বিশ্ব বাংলাদেশের কাছ থেকে অভিজ্ঞতা গ্রহন করেছে। আর সেজন্যই গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন সেন্টার বাংলাদেশে স্থাপন করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
মঙ্গলবার বিকেলে, কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সারা বিশ্বই এখন বাংলাদেশকে রোল মডেল মনে করে। জলবায়ু পরিবর্তন কোন নির্দিষ্ট দেশের সমস্যা নয়, প্রত্যেকটা দেশকেই এই ঝুঁকি মোকাবিলায় একসাথে কাজ করতে হবে। গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন সেন্টার বাংলাদেশে হওয়াই প্রমাণ করে জলবায়ু মোকাবিলায় বাংলাদেশ কতখানি দায়িত্বের সঙ্গে কাজ করেছে।❐



