
জাতিসংঘের ৭৩ তম সাধারণ সভার সাইড লাইন বৈঠকে দুই বিদেশমন্ত্রী
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে প্রত্যর্পণের জন্য সব রকম সহযোগিতা করবে নয়াদিল্লি৷ বুধবার অ্যান্টিগুয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এমনই আশ্বাস দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রাভেশ কুমার৷
রাভেশ জানান, মেহুল চোকসির প্রত্যর্পণ ইস্যু নিয়ে দীর্ঘক্ষণ কথা হয় দুদেশের বিদেশমন্ত্রীর৷ বৈঠকে সেদেশের বিদেশমন্ত্রীকে নয়াদিল্লির উদ্বেগের কথা জানান সুষমা৷ তিনি বলেন অপরাধ করে দেশ থেকে পলাতক মেহুল চোকসি৷ তাকে ফিরিয়ে আনা প্রয়োজন৷ দ্রুত এই সমস্যার সমাধান প্রয়োজন৷ অ্যান্টিগুয়ার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বলে বিদেশমন্ত্রক সূত্র খবর৷
রাষ্ট্রসংঘের ৭৩ তম সাধারণ সভার সাইড লাইন বৈঠকে দুই বিদেশমন্ত্রীর আলোচনা হয়৷ সেখানেই চোকসির প্রত্যর্পণ ইস্যুতে ভারতের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সুষমা স্বরাজ৷ এই বৈঠকের পাশাপাশি, বলিভিয়ার বিদেশমন্ত্রী ফার্নান্দো হুয়ানাকুনি মামানি, আর্মেনিয়ার বিদেশমন্ত্রী জোহরাব ন্যাটসাকইয়ান অস্ট্রিয়ার বিদেশমন্ত্রী কারিন নেইসল, পানামার উপরাষ্ট্রপতি ইসাবেল সেইন্ট মালো, জার্মানির বিদেশমন্ত্রী হেইকো মাস, চিলির বিদেশমন্ত্রী রবার্তো অ্যামপুয়েরো উপস্থিত ছিলেন৷ এদের প্রত্যোকের সাথেই কথা হয় ভারতীয় বিদেশমন্ত্রীর৷
এরআগে, ভারতের পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে কোনওভাবেই প্রত্যার্পণ করা যাবে না৷ জানিয়ে দিল অ্যান্টিগুয়া সরকার৷ অর্থাৎ ভারতের হাতে মেহুল চোকসিকে যে তুলে দেওয়া হবে না, তা স্পষ্টভাষায় জানিয়ে দেয় অ্যান্টিগুয়া৷ এছাড়া মেহুল চোকসিকে কোনওভাবে গ্রেফতারও করা যাবে না বলে জানানো হয় সেদেশের পক্ষ থেকে৷ কারণ অ্যান্টিগুয়ার মাটিতে মেহুল চোকসির কোনও অপরাধমূলক কাজের খতিয়ান নেই৷

এর আগে, চলতি বছরের ১৫ জানুয়ারি দেশ থেকে পালিয়ে অ্যান্টিগুয়াতে আশ্রয় নিয়েছিল পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। তারপর ২৯ জানুয়ারি সিবিআই মেহুল চোকসির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করে। তবে অ্যান্টিগুয়া সরকার এর আগে জানায় ভারতের হাতে পিএনবি কাণ্ডে অভিযুক্ত মেহুল চোকসিকে তুলে দিতে রাজি তারা৷ এর জন্য ভারতের কাছ থেকে ‘বৈধ আবেদন’ দাবি করে সেদেশের সরকার।
বিশেষজ্ঞরা বলছেন, ইচ্ছাকৃতভাবে অ্যান্টিগুয়ার নাগরিকত্ব নিয়েছেন চোকসি৷ কারণ, এই দেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি নেই। আরও একটি কারণে এই দেশের নাগরিকত্ব নিয়েছেন চোকসি বলে মত বিশেষজ্ঞদের৷ তাঁরা বলছেন অ্যান্টিগুয়ার পাসপোর্ট থাকলে বিশ্বের মোট ১৩২টি দেশে যেতে কোনও ভিসা লাগে না।



