বাংলাদেশরাজনীতি

জাতীয় ঐক্যের জন্য ছাড় দেবে বিএনপি: ফখরুল

রূপসী বাংলা ডেস্ক: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে ছাড় দিয়ে হলেও দ্রুত বৃহত্তর ঐক্য গড়তে চায় বিএনপি।

আজ শনিবার সকালে রাজধানীতে এক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সব সময় মনে রাখতে হবে, বৃহত্তর যে ঐক্য সেই ঐক্য কখনই হবে না, যদি না আমরা কিছু না কিছু ত্যাগ স্বীকার করি। ওই সব ছাড় দিয়ে আমাদের আজকে একটা না একটা জায়গায় আসতে হবে। আমরা সেই চেষ্টাই করছি। গোটা  দেশ এটাই চায়। অন্যান্য যারা আছেন তারাও বুঝেন এটা ছাড়া কোনো মুক্তি নেই।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বিশ্বাস করি, অতি দ্রুত জাতীয় ঐক্য ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে। সমগ্র জাতি এই স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জাতিকে মুক্ত করবার জন্যে, গণতন্ত্রকে মুক্ত করবার জন্য এবং দেশনেত্রীকে মুক্ত করবার জন্য তারা আন্দোলন করবে।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার আগে দলের নির্বাহী কমিটির সভায় বলেছিলেন যে, আমি হয়ত কারাগারে চলে যাব। কিন্তু আপনারা সমস্ত রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে নিয়ে একটা ঐক্য গড়ে তুলুন। সেই ঐক্যের মধ্য দিয়ে এই দানবকে পরাজিত করুন। সেই লক্ষ্যে আমরা তার নির্দেশ অনুযায়ী শান্তিময় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা অন্যান্য সংগঠনগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে একটা জাতীয় ঐক্য গড়ে  তোলার চেষ্টা করছি। প্রক্রিয়া চলছে। আমরা বিশ্বাস করি এটাতে আমরা সফল হবো।’

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘রাজনৈতিক প্রেক্ষাপটে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, মুক্তিযোদ্ধা দলের আজিজুল হক লেবু কাজী, এম এ বারী, আবদুল হালিম মিঞা, সাদেকুর রহমান বাবুল, হাজী মনসুর আলী সরকার, নুরে আলম তরফদার, মোকসেদ আলী মঙ্গলীয়া, আবু তালেব চৌধুরী, কামালউদ্দিন, নুরুল আমিন প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension