প্রধান খবরবাংলাদেশ

‘জামায়াত কর্মী’ পর্তুগাল ছাত্রলীগের সম্পাদক!

রূপসী বাংলা ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তিকারী সাবেক জামায়াত কর্মীকে পর্তুগাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১০ মে শিপলু আহমেদকে সভাপতি এবং মো. আনসার আলীকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের ছাত্রলীগ পর্তুগাল শাখার নতুন কমিটি অনুমোদন পায়।

নতুন সাধারণ সম্পাদক মো. আনসার আলী সাবেক শিবির কর্মী ও এক সন্তানের জনক। অতীতে কখনই তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না বলে অভিযোগ করেছেন স্থানীয় আ’লীগ ও ছাত্রলীগের অনেক নেতাই।

পর্তুগাল আ’লীগ নেতা আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখার কমিটি ঘোষণা ফেসবুকে দেখার পর  অভিনন্দন জানিয়েছিলাম। তিনি আক্ষেপ করে বলেন- অত্যন্ত দুঃখের বিষয় যখন শুনতে পেলাম, ফেসবুকের মাধ্যমে দেখলাম যে  যাকে সাধারণ সম্পাদক দেয়া হয়েছে তিনি ছাত্রলীগের সাথে নয়- ছাত্রশিবিরের সাথে যুক্ত ছিল।

পর্তুগালে কিছু আওয়ামী নামধারী লোক দলকে ধ্বংস করার জন্য যেভাবে লেগে পড়েছেন- আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা যখন রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছেন, ঠিক তখনই আওয়ামী লীগের মধ্যে কিছু জামায়াত-শিবিরের লোক ঢুকিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। আমি তাদের বিচারের আওতায় এনে তাদের শাস্তির জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং অল ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতাদের বিশেষভাবে অনুরোধ করছি।

পর্তুগাল ছাত্রলীগ কর্মী জাহিদ হোসেন সোহাগ তার ফেসবুকে লেখেন, আ.লীগের সাবেক সভাপতি রাফিক উল্লাহ, বর্তমান সভাপতি জহিরুল আলম জসিম, সাধারণ সম্পাদক শওকত ওসমানসহ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক আন্তজার্তিক সম্পাদক ইমরান খানের সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকায় জামায়াত কর্মীকে পর্তুগালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক করা হয়েছে।

ছাত্রলীগ কর্মী সোহেল খান তার ফেসবুকে প্রায় একই অভিযোগ করেন।

এ ব্যাপারে আনসার আলী অস্বীকার করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে ছাত্রলীগ করেন বলে জানান। এমনকি তিনি অবিবাহিত বলে দাবি করেন।

তবে আনসারের ফেসবুকের অতীত ইতিহাস দেখলে বোঝা যায়- তিনি ছিলেন কট্টর জামায়াতপন্থী এবং আ.লীগ বিদ্বেষী।

পর্তুগাল শাখা ছাত্রলীগের নতুন কমিটির  সভাপতি শিপলু আহম্মেদকে কয়েকবার ফোন করেও পাওয়া যায়নি।

পর্তুগাল আ.লীগের সাধারণ সম্পাদক শওকত ওসমান বলেন, বিভিন্ন মাধ্যমে তিনি জানতে পেরেছেন- আনসারকে নিয়ে বিতর্ক রয়েছে। তবে আনসারের কাছ থেকে বিভিন্ন সময়ে আর্থিক সুবিধা নেয়ার কথা তিনি অস্বীকার করেন।

পর্তুগাল আ.লীগের সভাপতি জহিরুল ইসলাম জসিম বলেন, দলীয় কোন্দলের কারণে দলের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তবে আনসার কবে থেকে ছাত্রলীগ করে সেটা তিনি বলতে পারেন না।

আ.লীগের প্রধান উপদেষ্টা লন্ডনে বসবাসরত রাফিকউল্লাহ পদ বাণিজ্যের কথা অস্বীকার করেন। তিনি দাবি করেন, মো. আনসার আলী অনেক আগে থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তবে অভিযোগ আছে, তার উদ্যোগেই দুই সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদনের সুপারিশ করা হয়।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension