
জামিন পেতে আবারও হাইকোর্টে খালেদা জিয়া
রূপসী বাংলা নিউজ ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন পেতে আবারও হাইকোর্টে আবেদন করেছেন উক্ত মামলায় ৭ বছরের দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া।
মঙ্গলবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি এএসএম আবদুল মবিনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী সগীর হোসেন লিওন এ আবেদন করেন।
হাইকোর্টে জামিন আবেদন খারিজ হওয়র পর আবারও জামিন আবেদন করার বিষয়ে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, এ মামলায় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জামিন আবেদন সরাসরি খারিজ করে দিয়েছিলেন। এখন আবারও হাইকোর্টে আবেদন করা হয়েছে। এমন নজির নেই। হাইকোর্ট খারিজ করলে আপিল বিভাগে যেতে হয়।
এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এর আগে জামিন রিজেক্ট হয়েছে ঠিকই। তবে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে জামিন আবেদন খারিজ হওয়ার পর আবারও হাইকোর্টে জামিন চাওয়ার আইনগত বাধা নেই।
গত ২৮ জুলাই এ মামলায় জামিন চেয়ে প্রথমবারের মতো আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।



