
জিগাতলায় দফায় দফায় সংঘর্ষ
রূপসী বাংলা ডেস্ক:ধানমন্ডির জিগাতলায় আন্দোলনকারী শিক্ষার্থী ও একদল যুবকের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুরে সীমান্ত স্কয়ার সংলগ্ন এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় মাথায় হেলমেট পরা কিছু যুবক আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর অতর্কিতে হামলা চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
শিক্ষার্থীরা জানায়, সকালের দিকে তারা সীমান্ত স্কয়ারের একপাশে জড়ো হতে চাইলে সেখানে লাঠি হাতে ধাওয়া দেয় কিছু যুবক। ধাওয়ার খবর পেয়ে সিটি কলেজ এলাকায় অবস্থান নেয়া আন্দোলনকারীরা সীমান্ত স্কয়ারের সামনে জড়ো হয়।
এক পর্যায়ে আন্দোলনকারীরা হেলমেট পরা যুবকদের ধাওয়া দিয়ে ধানমন্ডি-৩/এ সড়কে অবস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের দিকে এগুতে থাকে। এ সময় আশেপাশে থাকা আরো কিছু যুবক শিক্ষার্থীদের আবার ধাওয়া দেয়। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে মারধরের ঘটনাও ঘটে। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সীমান্ত স্কয়ার এলাকায় অবস্থান করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। অন্যদিকে বেশ কিছু যুবক লাঠি হাতে অবস্থান করছে ধানমন্ডি-৩/এ সড়কে। উভয় পক্ষের মধ্যে থেকে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে আসছে।



