বিনোদন

জুটি হয়ে ভেনিস উৎসবে গেলেন পিট-ক্লুনি

হলিউডের অ্যাকশন জামানার জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট ও জর্জ ক্লুনি। রোমান্টিক সিনেমায়ও তাদের জুড়ি নেই। এ দুই অভিনেতা এ বছর একসঙ্গে অভিনয় করেছেন ‘ওল্ফ’ নামের সিনেমায়। সেই সিনেমা নিয়েই ভেনিসে গেছেন দুই তারকা। হেঁটেছেন লাল গালিচায়।

ভেনিস চলচ্চিত্র উৎসবের এবারের আসরে একসঙ্গে অংশ নিলেন পিট-ক্লুনি। হলিউডের চিরাচরিত, চিরচেনা এনার্জি যেন তারা আবার ফিরিয়ে আনলেন ভেনিসের লাল গালিচায়। এবারের ভেনিস-আসরে দর্শকের অন্যতম আগ্রহের কেন্দ্র ছিলেন এই জুটি।

তারা হতাশ করেননি অবশ্য। দুজনই লাল গালিচায় বন্ধুসুলভ খুনসুটি করেছেন। সেই সঙ্গে ছিল সাজানো এক ধরনের সংঘাত। দর্শক তা উপভোগ করেছেন।

দুই তারকার লাল গালিচার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজের পারিশ্রমিক নিয়েও কথা বলতে দেখা গেছে জর্জ ক্লুনিকে। শোনা যাচ্ছিল, ‘ওল্ফ’- সিনেমায় অভিনয়ের জন্য দুজনে সাড়ে ৩ কোটি ডলার পারিশ্রমিক নিয়েছেন। তবে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ক্লুনি। ক্লুনি মজা করে বলেন, ‘যারাই এ কথা বলেছেন, আমি জানাতে চাই উল্লেখিত পরিমাণের তুলনায় আমাদের পারিশ্রমিক মিলিয়ন মিলিয়ন ডলার কমই ছিল।

’
অবশ্য পারিশ্রমিকের কথা পরিষ্কার করার কারণও জানিয়েছেন ক্লুনি। তিনি বলেন, ‘এ কথা প্রকাশ করছি, কেননা এ ধরনের ভুল তথ্যের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি হয়। এসব গুজব চলতে থাকলে একসময় সিনেমা নির্মাণই অসম্ভব হয়ে উঠবে।’

এবারের ভেনিসকে ঘটনাবহুলই বলা যায়। বেশকিছু সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে। সিনেমার সঙ্গে আলোচিত হচ্ছেন এর নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীরাও। যেমন স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার নির্মাণ করেছেন ‘দ্য রুম নেক্সট ডোর’। সিনেমাটি ১৭ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টিল্ডা সুইটন ও জুলিয়েন মুর। ‘দ্য পিয়ানিস্ট’ দিয়েই বেশি পরিচিত এড্রিয়ান ব্রডি। ভেনিসে প্রিমিয়ার হয়েছে তার নতুন সিনেমা ‘দ্য ব্রুটালিস্ট’। নির্মাণ করেছেন ব্র্যাডি করবেট। এ সিনেমা প্রদর্শনের পর ১২ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। স্বাভাবিকভাবেই এতে আপ্লুত হয়েছেন ব্রডি। একটি প্রতিবেদন জানায় তিনি বার বার চোখ মুছছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension