ভারত

জুনেই হারের কারণ অনুসন্ধান করতে নামছে সিপিএমের কেন্দ্রীয় কমিটি

রূপসী বাংলা নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে সব থেকে কঠিন পরাজয়ের মুখোমুখি হয়েছিল সিপিএম। পার্টির পলিটব্যুরো এবং পশ্চিমবঙ্গ সিপিএমের তরফ থেকে পরাজয় স্বীকার করে নেওয়া হয়েছিল। প্রেস বিবৃতিতে পলিটব্যুরো জানিয়েছিল, হারের কারণ অনুসন্ধান করে শিক্ষা নিতে হবে। শিক্ষা নেওয়ার পথে প্রথম পদক্ষেপ করেছে সিপিএম৷

সোমবার পলিটব্যুরোর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, জুন মাসের ৭ তারিখ থেকে ৯ তারিখে কেন্দ্রীয় কমিটির বৈঠকে হারের কারণ বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি হবে৷ রাজ্য কমিটিগুলির সঙ্গে কথা বলেই তৈরি করা হবে ওই রিপোর্ট৷ কেন্দ্রীয় কমিটি যে রিপোর্ট তৈরি করবে, সেই রিপোর্টের ভিত্তিতেই কেন্দ্রীয় কমিটি পুনরায় সংশোধনের দিক নির্দেশ করবে৷ পলিটব্যুরোর প্রেস বার্তায় বলা হয়েছে, কেন্দ্রীয় কমিটির সংশোধনী ব্যবস্থা বা কারেকটিভ মেজারস্ পার্টিকে শক্তিশলী করার লক্ষ্যেই নেওয়া হবে৷

প্রসঙ্গত, ২৩ মে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছিলেন, ‘‘ভারতের নির্বাচনী ইতিহাসে বামপন্থী, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তির নজিরবিহীন বিপর্যয়ের ঘটনা ঘটেছে সপ্তদশ লোকসভা নির্বাচনে। পশ্চিমবঙ্গের সংসদীয় নির্বাচনের ইতিহাসে আসন এবং ভোটের শতাংশে এত বড় এবং শোচনীয় পরাজয় বামপন্থীদের হয়নি।’’ ২৩ মে এর ফলাফল জানিয়ে দিয়েছে, সিপিএম ২০১৬ সালের ২৬ শতাংশ ভোট ঘরে তো রাখতেই পারেনি, বরং প্রাপ্ত ভোটের শতকরা হার ৭.২৫ শতাংশে গিয়ে ঠেকেছে৷

২০১৪ সালে রাজ্যে বিজেপি রাজ্যে ১৭ শতাংশ ভোট পেয়েছিল। আসানসোল এবং দার্জিলিংয়ে দুই সাংসদ ছিল। ২০১৯ সালে বিজেপি ৪০ শতাংশ ভোট পেয়ে ১৮ জন সাংসদ রাজ্য থেকে নিশ্চিত করেছে। রাজ্যে বিজেপির ২৩ শতাংশ ভোট বাড়লো কি করে। বৃহস্পতিবার রাতেই উত্তর খুঁজতে বসেছে আলিমুদ্দিন স্ট্রিট। কারণ সেই হিসাবের সঙ্গেই বামেদের প্রায় নিশ্চিহ্ন হওয়ার সমীকরণ লুকিয়ে রয়েছে। বিমান বসু-সূর্যকান্ত মিশ্ররা যা ভালোই জানেন। সারা দেশে বামেদের এখন ৩ জন সাংসদ৷

রাজ্য বিজেপির ভোট বাড়ার পিছনে অনেকেই সিপিএমকে দোষারোপ করেছে৷ সেই দলে পড়েন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে আলিমুদ্দিনের ম্যানেজাররা কিছুই চাপা রাখেননি৷ অনেক নেতাই সাফ বলে দিয়েছেন, বিজেপি এবং তৃণমূলকে হারাবার হারাবার বার্তা দেওয়া হয়েছিল৷ কিন্তু রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হার দেখতে চাইছিলেন৷ কিছুই করার নেই৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension