
জুরিখের ‘গোল্ডেন আই’ পাচ্ছেন নাওমি ওয়াটস
হলিউডের অভিনেত্রী নাওমি ওয়াটসের অভিনয় জীবনে যোগ হচ্ছে আরও একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি। দুবার অস্কার মনোনীত এ অভিনেত্রীকে চলতি বছর ‘গোল্ডেন আই’ পুরস্কারে সম্মানিত করবে জুরিখ ফিল্ম ফেস্টিভ্যাল (জেডএফএফ)। বেন শিরিনিয়ানের নতুন সিনেমা ‘দ্য হাউসওয়াইফ’-এ অভিনয়ের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। আগামী ২৬ সেপ্টেম্বর জুরিখে আয়োজিত অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করবেন ওয়াটস। একই দিনে তিনি অংশ নেবেন জেডএফএফের বিশেষ মাস্টারক্লাসেও।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দ্য হাউসওয়াইফ’ সিনেমার গল্পের পটভূমি ষাটের দশক। এতে নিউইয়র্কের এক তরুণ সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন টাই শেরিডান। তিনি কুইন্সে গোপনে বসবাসকারী এক ব্যক্তিকে নাৎসি কর্মকর্তা হিসাবে সন্দেহ করেন। চরিত্রটিতে অভিনয় করেছেন লুক ইভান্স।
সন্দেহভাজন ব্যক্তির রহস্যময় ও অভিজাত স্ত্রী চরিত্রে দেখা যাবে নাওমি ওয়াটসকে। তদন্ত করতে গিয়ে সাংবাদিক যখন ওই নারীর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন, তখন তার অনুসন্ধান আরও জটিল ও অস্বস্তিকর দিকে মোড় নেয়। এ দ্ব্যর্থক ও রহস্যঘেরা চরিত্রে ওয়াটসের অভিনয়ই নজর কেড়েছে জুরিখ ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষের।
পুরস্কার ঘোষণার সময় জেডএফএফের প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান ইয়ুংগেন বলেন, ডেভিড লিঞ্চের মালহল্যান্ড ড্রাইভ দিয়ে আলোচনায় আসার পর থেকেই নাওমি ওয়াটস সমকালীন সময়ের অন্যতম আকর্ষণীয় অভিনেত্রী। তার অভিনয়ের বিশেষত্ব হলো, চরিত্রের বাহ্যিক আভিজাত্যের সঙ্গে ভেতরের অন্ধকার এবং প্রকাশিত সত্যের সঙ্গে লুকানো রহস্যের টানাপোড়েনকে তিনি অসাধারণভাবে ফুটিয়ে তুলতে পারেন।
ইয়ুংগেনের ভাষায়, দ্য হাউসওয়াইফ-এ ওয়াটস সেই দ্বৈততাকে আরও একবার অসাধারণ দক্ষতায় তুলে ধরেছেন। ফলে এটি অভিনেত্রীর ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী অভিনয় হয়ে উঠেছে।
এর আগে ২১ গ্রামস এবং দ্য ইম্পসিবল সিনেমায় অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন ওয়াটস। টেলিভিশনেও রয়েছে তার উল্লেখযোগ্য সাফল্য; ফিউড-এর দ্বিতীয় মৌসুমে অভিনয়ের জন্য পেয়েছেন এমি মনোনয়ন।
টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে বিশ্ব প্রিমিয়ারের পর ‘দ্য হাউসওয়াইফ’ প্রদর্শিত হবে জুরিখে। এ বছরের জুরিখ ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। এর আগে ‘গোল্ডেন আই’ পেয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট, জুড ল, বেনেডিক্ট কাম্বারব্যাচ ও ডাকোটা জনসনের মতো তারকারা।



