
প্রধান খবরবাংলাদেশ
টাঙ্গাইলের বিমান বাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলট নিহত
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হয়েছেন। আজ ২৩ নভেম্বর শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার রসুলপুরে এ দুর্ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করীম শাম্মী জানান, আজ শুক্রবার বিকাল ৩টার দিকে রসুলপুরের টেলকি ফায়ারিং জোনে মহড়ার সময় বিমান বাহিনীর এফ-৭ প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবীর বলেন, বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। উদ্ধার অভিযান চলছে।
এদিকে মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম জানিয়েছেন, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রশিক্ষণার্থী উইং কমান্ডার আরিফ নিহত হয়েছেন।



