বাংলাদেশ

টিএসসির কাওয়ালি কনসার্টে ছাত্রলীগের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে আয়োজিত কাওয়ালি অনুষ্ঠানে হামলা চালিয়ে তা পণ্ড করে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা মঞ্চ ভাঙচুর করেছে। পূর্ব নির্ধারত সময় বুধবার সন্ধ্যা আয়োজিত এ গানের অনুষ্ঠানে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এতে সাংবাদিক-শিক্ষার্থীসহ ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের নিকটতম হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অনুষ্ঠান শুরুর আগে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন কাওয়ালী গানের আসর অনুষ্ঠানের সাউন্ড সিস্টেমের স্বত্বাধিকারী তৈয়বকে ফোন করে তার সরঞ্জাম এ অনুষ্ঠানে দিতে নিষেধ করে দেন।

পরে অন্য আরেক জায়গা থেকে সাউন্ড সিস্টেম এনে অনুষ্ঠান শুরু করার আগেই ঘটনাস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা এসে অতর্কিত হামলা-মারধর ও ব্যাপক ভাঙচুর চালানো শুরু করে।

এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী তাসফিয়া তাসনিম রায়া, ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী ও আমার সংবাদ পত্রিকার সাংবাদিক জালাল আহমেদসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে রায়ার মাথা ফেটে গেছে।

অভিযোগের বিষয়ে সাদ্দাম হোসেন গগণমাধ্যমকে বলেন, ঘটনার সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই।

হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানীর অফিসে যান। অফিসের সামনে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। প্রক্টর বলেন, তোমাদের কথা আমি শুনেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’ ও সাধারণ ছাত্রদের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছিল এ কাওয়ালি গানের আসর। এতে ‘সিলসিলা’ ব্যান্ডের লুৎফর রহমান ও খালিদ হাসান আবিদ কাওয়ালি সংগীত পরিবেশনের কথা ছিল। এছাড়াও মুর্শিদি-ভাণ্ডারী ধারার সংগীত শিল্পী শেখ ফাহিম ফয়সালও গান পরিবেশনের কথা ছিল।

এদিকে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে মিছিল করেছে বাম ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। সেখানে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ বেশ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে গিয়ে একদল শিক্ষার্থী কাওয়ালি গান গেয়ে প্রতিবাদ জানায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension