বিনোদন

টেইলর সুইফটের রাজনৈতিক ব্যবহার

মোহাম্মদ ফজলে রাব্বি


টেইলর সুইফট কি শুধুই গায়িকা বা তারকা? নাকি এর পেছনেও রয়েছে রাজনীতি?

টাইম ম্যাগাজিন সম্প্রতি টেইলর সুইফটকে ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা দিয়েছে। অবশ্য ষড়যন্ত্র তাত্ত্বিকরা এ ঘোষণাকে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচন সামনে রেখে নতুন ধরনের রাজনৈতিক কৌশল হিসেবে ব্যাখ্যা করছেন।

কারণ হলো, টেইলর সুইফট গুরুত্বপূর্ণ। তাকে নিয়ে গাল-গল্পের সীমানা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিপুল সংখ্যক ভক্ত অবধি বিস্তৃত। বিয়ন্সের পরপরই তার ক্ষমতা ও প্রভাব এমন অনন্য স্থানে পৌঁছেছে যে, তা প্রায় অপ্রতিরোধ্য। ২০২৩ সালে বিভিন্ন দেশে কনসার্ট করতে গিয়ে তার উপার্জন হয়েছে প্রায় বিলিয়ন ডলার। এসব কনসার্ট নিয়ে তৈরি ভিডিও সারা বিশে^ উপার্জন করেছে প্রায় ২৫০ মিলিয়ন ডলার।

এর মধ্যে আবার বাতাসে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, টেইলর সুইফট কানসাস সিটি চিফ ট্রাবিস কেলসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তারা নাকি আমেরিকান ফুটবলের গতিও পাল্টে দিয়েছেন। এসব নানা ঘটনার মধ্যে আবার টাইম ম্যাগাজিন তাকে পারসন অব দ্য ইয়ার ঘোষণা করেছে। যার পর থেকে ষড়যন্ত্র তাত্ত্বিকরা একটি ব্যাখ্যা প্রচার করে আসছেন। তারা অভিযোগ করছেন যে, সুইফট একটি ‘সাইকোলজিক্যাল অপারেশন’।

সাইকোলজিক্যাল অপারেশন
ইন্টারনেটের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত আছেন যারা, তারা এমন কথা এর আগেও শুনে থাকবেন। ২০১৬ সালে সুইফট প্রকাশ্যে অরাজনৈতিক ছিলেন। তখন তাকে সমকামিতার মতো বিভিন্ন অধিকারের নেতা হিসেবে কেউ কেউ গণ্য করতেন। তার এসব প্রপাগা-ার সমালোচনা হিসেবে বলা হতো, টেইলর সুইফট রক্ষণশীল বর্ণবাদী আমেরিকায় পুনর্বার ফিরে যাওয়ার এজেন্ডা নিয়ে কাজ করছেন। ২০১৮ সালে তিনি যখন রাজনীতি নিয়ে কথা বলতে শুরু করলেন, কিছু মানুষ খানিকটা ব্যঙ্গাত্মক তত্ত্ব ছড়াল যে, তিনি ন্যাশনাল সাইকি কমিটির বিকল্প হিসেবে কাজ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ @অ্যান্ডওকনেস অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। যেখানে বলা হয়, ‘২০২৪ সালের নির্বাচনে রাষ্ট্র তাকে (টেইলর সুইফট) অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়’ এবং আরও বলা হয় যে, ‘কেউ যদি এটাকে বিশ্বাসযোগ্য মনে না করেন, তাহলে তিনি ঘটনাপ্রবাহের প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না।’

@অ্যান্ডওকনেস অ্যাকাউন্টটির ১.৯ মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং পাঁচ দিনে ৭,৮৮,০০০ মানুষ ওই পোস্ট দেখেছেন। একটি চরম ডানপন্থি অ্যাকাউন্ট থেকে টেলিগ্রামে লেখা হয়েছে, ‘গুপ্তগোষ্ঠী কর্র্তৃক সেলিব্রিটিদের সঙ্গে আঁতাত করার ব্যাপারে আমাদের পরবর্তী প্রজন্মকে সজাগ করতে হবে।’ ডানপন্থি সমালোচক জ্যাক পসবিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লেখেন, ‘গুরুত্বপূর্ণ নারী টেইলর সুইফটকে সাইকোলজিক্যাল অপারেশনে পুরোপুরি সক্রিয় করে তোলা হয়েছে।’

‘পার্সন অব দ্য ইয়ার’ সম্মাননা ঘোষণার পর এ অভিযোগও উঠেছে, সফলতার জন্য টেইলর সুইফট জাদুবিদ্যা ব্যবহার করেছেন। আরও অভিযোগ ওঠে, ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের জন্য বামপন্থিরা তাকে ব্যবহার করছেন। ডোনাল ট্রাম্প রাষ্ট্রপতি থাকাকালীন তার সিনিয়র উপদেষ্টা স্টিফেন মিলার এক্স-এ পোস্ট করেন, ‘টেইলর সুইফটের সঙ্গে যা হচ্ছে তা পরিকল্পিত।’

রাশিয়াপন্থি প্রচারণা
এ ছাড়া সম্প্রতি ওয়্যারড ডটকম-এ ডেভিড গিলবার্ট একটি প্রতিবেদন প্রকাশ করেন রাশিয়াপন্থি প্রচারণা নিয়ে। যাতে দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্স-এ ধারাবাহিকভাবে সুইফটের নামে মিথ্যা উদ্ধৃতি ব্যবহার করা হচ্ছে। যার বেশিরভাগই ছিল ইউক্রেনবিরোধী। সেলিব্রিটিরা যেহেতু প্রভাব বিস্তারের উপকরণ, ফলে ইউক্রেনবিরোধী মনোভাব তৈরির জন্য রাশিয়া এ ধরনের কাজ করেছে বলে সহজেই ধরে নেওয়া যায়।

এর কিছুদিন পর মাইক্রোসফটের কিছু গবেষক মিলে অনুরূপ বিষয় সামনে নিয়ে আসে। একটা অপরিচিত রাশিয়ান গ্রুপে এলিজাহ ওড ও মাইক টেনিসনের মতো সেলিব্রিটিরা বিভিন্ন ভিডিওতে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করছেন বলে দেখা যায়।

ইউনিভার্সিটি অব লিডসের অধ্যাপক জোনাথান ডিন বলেন, সুইফট রাজনীতি ও সেলিব্রিটির মধ্যকার বিচ্যুতির এক অনন্য উদাহরণ এবং কীভাবে তারা বিশ^ব্যাপী কাজ করে, এরও একটা নমুনা বটে। গত দশ বছর ধরে রাজনীতি এবং সংস্কৃতির একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, অন্তত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে, পপ কালচারের জনপ্রিয়তা, রাজনৈতিক ব্যাকরণ, শৈলী ও প্রকরণে এককেন্দ্রমুখী।

ভক্তকুল বেষ্টিত সেলিব্রিটি ও রাজনৈতিক দলগুলোর কর্মপরিক্রমার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘এ দিক থেকে টেইলর সুইফট আগ্রহের ব্যাপার, কারণ আমি মনে করি তিনি এ ধরনের এককেন্দ্রীমুখিতার প্রকৃত মূর্তরূপ।’

ইরাসমাস ইউনিভার্সিটির মিডিয়া অ্যান্ড পপুলার কালচারের অধ্যাপক সাইমোন ড্রিসেনও একমত যে, ভক্তদের আবেগকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে এবং এর মাধ্যমে সহজে সমর্থন লাভ করাও সম্ভব। তিনি আরও বলেন, ‘ভক্তকুল ও আবেগকে সহজেই কর্মসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়’।

স্বেচ্ছায় না অনিচ্ছায়
যারা বিশ্বাস করেন, টেইলর সুইফট নিজের ইচ্ছা ছাড়াই এমন স্তরে পৌঁছেছেন, যেখানে তাকে রাজনীতির একটা শক্তিশালী দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করা যেতে পারে তারা ভুল ভাবছেন। ওয়্যারড ডটকম জানাচ্ছে, এসব বিষয়ে জানতে টেইলর সুইফটের প্রতিনিধির কাছে ইমেইল করা হলেও কোনো উত্তর মেলেনি।

তবে তাদের প্রতিবেদনে বলা হচ্ছে, ধরা যাক টেইলর সুইফট এ ব্যাপারটাতে পুরোপুরি আত্মনিবেশ করেননি। তার অজান্তেই তাকে নিয়ে এসব ঘটছে। কিন্তু তিনি এটা ভালোই জানেন, কীভাবে ভক্তদের মাঝে কোনো মতাদর্শের বীজ বপন করতে হবে। তার গানগুলো শ্রোতাদের বোধগম্য করে লেখা হয়েছে। এসব ব্যাপারে সুইফটের ভক্তরা নিজস্ব বিশ্বাস অনুযায়ী বিভিন্ন তত্ত্বও দিয়েছে। গেইলরসের কথাই ধরা যাক। তিনি সুইফটের প্রতিটা ছবি ও বার্তাকে অর্থহীন আখ্যা দিয়ে এ দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন যে, একজন গায়ক তার গানে শুধু এ সংকেত দিচ্ছেন যে, তিনিও একজন নারী। এসব ব্যাখ্যা সঠিক হতেও পারে। কিন্তু এতে আসল কথার (রাজনৈতিক ব্যবহার) কিছুই কি বদলে যায়?

কিছু মানুষ বিশ্বাস করেন, তিনি নিউ ইয়র্ক জেটের প্রতিপক্ষ হয়ে কেলসের ম্যাচে হাজির হয়েছিলেন শুধু তার ব্যক্তিগত উড়োজাহাজগুলো থেকে মানুষের দৃষ্টি সরাতে। যাতে মানুষ গুগল সার্চ করে তার ব্যক্তিগত উড়োজাহাজের বদলে অন্য তথ্য খোঁজে।

সুইফট নামটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাজনৈতিক ক্ষেত্রেও। এ জন্য দ্য স্টেইট অব ইসরায়েল প্রায় সময় বিভিন্ন পোস্টে তাকে ট্যাগ করে এবং তার ফিলিস্তিনি ভক্তরা তাকে ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে কথা বলতে অনুরোধ করে।

সেলিব্রিটিরা রাজনৈতিক আন্দোলন দ্বারা যুগ যুগ ধরেই ব্যবহৃত হয়ে আসছেন। রাজনীতিবিদরাও সেলিব্রিটি। সুইফট ভক্তরা যুগপৎভাবে রাজনীতিবিদ ও সেলিব্রিটি উভয় প্রকার জনপ্রিয়তাকে পছন্দ করে। তথাপি তারা একটু ব্যতিক্রম। জীবনের প্রথম দিককার অর্ধেকেরও বেশি সময় সুইফট অরাজনৈতিক ছিলেন। ফলে তার ভক্তরা তখন তাকে নিয়ে নিজেদের মনমতো ব্যাখ্যা তৈরি করতে পেরেছে। কিন্তু পরিশেষে তিনি নারী অধিকার, সমকামী অধিকার ও গত কয়েক বছর ধরে জো বাইডেনের সমর্থনে মাঠে নামলে তার কিছু ভক্ত বিচ্ছিন্ন এবং কিছু ভক্ত নীরব হয়ে পড়ে।

গানের মহারানী
টাইমস জানাচ্ছে, টেইলর সুইফটের বয়স যখন ১৭, তখন তিনি জীবনের প্রথম সবচেয়ে বড় সুযোগটি পান। যুক্তরাষ্ট্রের তখনকার সুপারস্টার কেনি চেসনির সঙ্গে সফরের অত্যন্ত লোভনীয় দ্বার তার সামনে উন্মুক্ত হয়ে যায়। টেইলর সুইফট বলেন, এটি আমার ক্যারিয়ার পরিবর্তন করতে যাচ্ছিল, আমি খুব উত্তেজিত ছিলাম। কিন্তু কয়েক সপ্তাহ পর তার সব আনন্দ বেদনায় পর্যবসিত হয়। তখন একদিন বাড়ি ফিরে দেখেন, তার মা আন্দ্রেয়া তাদের বাড়ির সামনের সিঁড়িতে বসে আছেন। সুইফট জানান, মা তখন কাঁদছিলেন, হাতের ওপর মাথা রেখে। যা দেখে মনে হয়েছিল পারিবারিক কোনো জরুরি ঘটনা হয়তো ঘটে গেছে। কাঁদতে কাঁদতেই মা আন্দ্রেয়া মেয়েকে বলেন, চেসনির ওই সফরের স্পন্সর ছিল একটি বিয়ার কোম্পানি। সুইফটের বয়স ১৮ না হওয়ায় তাতে তিনি যোগ দিতে পারবেন না।

তবে এর কয়েক মাস পরই সুইফটের ১৮তম জন্মদিনের পার্টিতে চেসনি একটি কার্ড উপহার পান। যাতে লেখা ছিল, আমি দুঃখিত যে, আপনি সফরে আসতে পারেননি, তাই আমি আপনার জন্য এ উপহার পাঠালাম। কার্ডের সঙ্গে একটি চেক ছিল। সুইফট জানান, ওই চেকে এত টাকা ছিল যে, তিনি তার ব্যান্ড সদস্যদের বোনাস দিয়ে ছিলেন। ট্যুরের আয়োজন করতে পেরেছিলেন। তার ভাষ্য, ওই টাকায় তিনি স্বপ্ন পূরণ করতে পেরেছিলেন।

এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। সংগীতের ইতিহাসে সুইফট অনেক রেকর্ড ভেঙেছেন। গান শোনার প্ল্যাটফরম স্পটিফাই-এর ইতিহাসে তিনি প্রথম নারী শিল্পী হয়েছিলেন, যিনি এক মাসে ১০০ মিলিয়ন শ্রোতার কাছে পৌঁছান।

তিনি প্রথম এবং একমাত্র নারী, একক শিল্পী যিনি তিনবার ফিয়ারলেস এবং ফোকলোরের জন্য তিনবার অ্যালবাম অব দ্য ইয়ার গ্র্যামি জিতেছেন। অর্থাৎ আলাদা ঘরানার হলেও সুইফট নিজের গান লেখার প্রতিভা দিয়ে ভিন্নধারার শ্রোতাদের মন জয় করে চলেছেন।

সুইফট তার সংগীত, ব্যবসায়িক সিদ্ধান্ত এবং একনিষ্ঠ অনুরাগীদের মাধ্যমে পশ্চিমের বিভিন্ন দেশের সংস্কৃতি ও রাজনীতিতে প্রভাব তৈরি করতে পেরেছেন। তাকে তুলনা করা হচ্ছে বিটলস-এর সঙ্গে। এ মুহূর্তে, সুইফটের জনপ্রিয়তা সর্বকালের সর্বোচ্চ।

সংবাদ মাধ্যমের খবর, নভেম্বরে মুক্তি পায় টেইলর সুইফটের অ্যালবাম ‘নাইন্টিন এইটি নাইন টেইলর ভার্সন’। এক সপ্তাহে অ্যালবামটি টেইলরকে দিয়েছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য। বিলবোর্ড টপ টু হানড্রেড চার্টে এ গান স্থান করে নিয়েছে। সপ্তাহ শেষে অ্যালবামটির ১৬ লাখ ৫৩ হাজার ইউনিট শুনেছে শ্রোতারা। এক বছর আগে মুক্তি পাওয়া টেইলরের ‘মিডনাইটস’ পেয়েছিল ১৫ লাখ ৭৮ হাজার অ্যালবাম ইউনিট। এর আগে তার এরাস ট্যুর ফিল্ম দর্শক মাতিয়েছে। টেইলর যেন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন বারবার।

দেশ রূপান্তরের সৌজন্যে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension