
ট্রাম্পকে কি গ্রেপ্তার করা হবে?
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একের পর এক বাড়ছে আইনি জটিলতা। এরই মধ্যে ফেডারেল বেশ কিছু তদন্ত ও ফৌজদারি মামলার মুখোমুখি তিনি। সর্বশেষ ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় জর্জিয়া রাজ্যের ফল উল্টে দেয়ার চেষ্টা করেছিলেন বলে বিচার শুরু হচ্ছে। ফলে তাকে কি গ্রেপ্তার করা হবে? তিনি কি জেলে যাবেন? এমন প্রশ্ন এখন বিশেষজ্ঞদের মধ্যে।
জর্জিয়াতে তিনি সরকারি কর্মকর্তাদের সরিয়ে দিয়ে তাদের স্থানে ভুয়া ব্যক্তিদের বসিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন নির্বাচনের সময়। এমন অভিযোগ উঠেছে। ১৪ই আগস্ট তার বিরুদ্ধে এমন ১৩টি অভিযোগ তোলা হয়েছে ফুলটন কাউন্টি গ্রান্ড জুরিতে। ওই নির্বাচনে ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে দুই বছর ধরে তদন্ত করেন ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট এটর্নি ফ্যানি উইলিস। এরপরই তার বিরুদ্ধে ওই অভিযোগ আনা হয়েছে। নির্বাচর্নী প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ ফৌজদারি অপরাধের এ নিয়ে দ্বিতীয় মামলায় মুখোমুখি হচ্ছেন ট্রাম্প।
এ বছরের শুরুতে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তবে সর্বশেষ অভিযোগকে বোগাস বলে অভিহিত করেছে ট্রাম্পের প্রচারণা টিম। তারা অভিযোগ করেছে, ট্রাম্পকে রাজনৈতিক উদ্দেশে অভিযুক্ত করছেন মিস উইলিস। ট্রাম্পের প্রচারণা টিম থেকে বলা হয়েছে, বাইডেন ও স্মিথের যৌথ উদ্দেশ্যমূলক ধীরগতির তদন্ত এবং নিউ ইয়র্কে মিথ্যা অভিযোগ আনা হয়েছে এই সময়ে, আর তাতে জড়িত ডেমোক্রেটদের পক্ষপাতে দুষ্ট একজন প্রকিসিউটর। এর মধ্য দিয়ে শুধু মার্কিন জনগণের আস্থার সঙ্গে প্রতারণা করা হচ্ছে এমন না। একই সঙ্গে তাদের বানোয়াট অভিযোগের উদ্দেশ্যও প্রকাশিত হয়ে পড়ছে।



