
তৃণমূলের ফ্লেক্সের জবাবে এলইডি-তে মেয়ো রোড ঢাকল বিজেপি
রূপসী বাংলা ডেস্ক:ফ্লেক্সের পাল্টা এলইডি! প্রযুক্তিকে হাতিয়ার করেই এবার রাজ্যের শাসক দলকে ঘায়েলের চেষ্টায় বিজেপি৷
এক মাসও হয়নি তৃণমূলের শহিদ দিবস পালন হয়েছে ধর্মতলায়৷ সেই সভা ঘিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো৷ মানুষের কাছে নেত্রীর বার্তা পৌঁছে দিতে সভা ও সংলগ্ন অঞ্চলে বসানো হয়েছিল প্রায় ১০টি এলইডি৷ যা অভিনব বলে দাবি করেছিল রাজ্যের শাসক দলের নেতৃত্ব৷ কিন্তু সেই দাবিকে টেক্কা দিল মেয়ো রোডে বিজেপির যুব মোর্চার উদ্যোগে অমিত শাহের সভা৷
প্রযুক্তিকে ব্যবহার করে সেই সভাস্থল হয়ে উঠেছিল হাইটেক৷ সভার মঞ্চের কয়েক মিটার অন্তর অন্তর বসেছে এলইডি মনিটর৷ তাতেই দলের চাণক্যের বার্তা পৌঁছে যাচ্ছে দলীয় কর্মীদের কাছে৷ বিজেপি সূত্রে খবর, মেয়ো রোডে এদিন ২৪টি এলইডি টিভি বসানো হয়েছে৷ ফলে কর্মীদের কষ্ট করে সভাপতির কথা শুনতে হয়নি৷
এর আগে মেয়ো রোডে যুব মোর্চার সভাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি চাপানউতোর তুঙ্গে ছিল৷ অমিত শাহের সভাস্থল কলকাতার রাজপথ জুড়ে লাগানো হয়েছিল মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ফ্লেক্স৷ যা নিয়ে তীব্র বিরোধিতা করে বিজেপি৷ কিন্তু বিরোধিতায় আমল না দিয়ে তৃণমূল মহাসচিবের বক্তব্য ছিল, ‘‘রাজ্যের শাসন যার হাতে তাঁর ছবিতো থাকবেই৷’’ তবে ফ্লেক্স নিয়ে রাজ্য নেতৃত্বকে প্ররোচনায় পা না দিতে নির্দেশ দেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ শনিবার সকালে ওই ব্যানার, পোস্টারে হাত না লাগিয়ে তা গেরুয়া-সবুজ কাপড়ে ঢেকে দেওয়া হয়৷
এলইডির ঝকঝকে আলোয় ম্লান দিদির ছবি দেওয়া ফ্লেক্স৷ বিজেপি কর্মীরা বলছেন, ‘এতো শুধু ট্রেলর৷ পিকচার এখনও অনেক বাকি’৷ এখন দেখার এলইডি-র আলোর মতোই কী দ্যুতি ছড়াবে বিজেপির ভোটবাক্স৷



