
দল ত্যাগ করেছেন গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম খান কামাল
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের কৃতি সন্তান সাবেক ছাত্রলীগ নেতা, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন ও সেই সাথে দল ত্যাগের ঘোষনা দিয়েছেন।
শনিবার ১৭ ফেব্রুয়ারি সকালে তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষনা দেন। এসময় গণফোরামের কোনো নেতা উপস্থিত না থাকলেও আওয়ামীলীগ, জাসদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদেরমধ্যে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা জাসদের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জকি, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম খান বাবু, জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যার্টাজি, অধ্যক্ষ আবুল ইসলাম শিকাদার, অধ্যক্ষ উর্মিলা রায়, পৌর সভার প্রাক্তন সচিব আব্দুল আজিজ প্রমূখ।
মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল ১৯৬৩ সালে বৃহত্তর ঢাকা জেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। ১৯৬৮ সালে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্ব পান । ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে মুজিব বাহিনীর জেলা কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-সাটুরিয়া (মানিকগঞ্জ-৩) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৭৩ সাল থেকে ৭৮ সাল পর্যন্ত তিনি মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ১৯৭৮ থেকে ৮১ সাল পর্যন্ত আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালে থেকে ৯২ সাল পর্যন্ত আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ডঃ কামাল হোসেন গনফোরাম গঠন করলে তিনি ওই দলে যোগ দেন। গণফোরাম থেকে পদত্যাগের আগ পর্যন্ত তিনি গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মফিজুল ইসলাম খান কামাল বলেন, সরাসরি কোন রাজনৈতিক দলে না থাকলেও রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন না । বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। সন্ত্রাস, লুন্ঠন, অন্যায় , অত্যাচার বন্ধ এবং,মানবিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ করতে বঙ্গবন্ধু বাকশাল গঠন করেছিলেন।
জাতীয় ভাবে না হলেও মানিকগঞ্জ বাসীর উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাবেন তিনি ।
আওয়ামীলীগে ফিরবেন কিনা তিনি ? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ১৯৮১, ৮২ ও ৮৩ সালে তার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বঙ্গবন্ধুর পরিবারের সাথে তার পরিবারের একটি সুসম্পর্ক রয়েছে ও যে সুসম্পর্ক এখনো বিদ্যমান । তবে আওয়ামীলীগে ফেরার ব্যাপারের প্রধানমন্ত্রীর সাথে এখনো কোনো কথা হয়নি বলে জানান তিনি।
আর আপাতত কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না বলেও জানান মফিজুল ইসলাম খান কামাল।



