
দুই হ্যাটট্রিকসহ ৮ গোল, গোল্ডেন বুট সাবিনার
নেতৃত্ব ছিল তার কাঁধে। সেই দায়িত্ব যেমন সামলেছেন, তেমনি প্রতিপক্ষের জালও কাঁপিয়েছেন ঝড়ো গতিতে। দুই হ্যাটট্রিকসহ গোল করেছেন সর্বোচ্চ ৮টি। পেয়েছেন গোল্ডেন বুট। আবার জিতেছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারও। সব মিলিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন যেন ভাসছেন আনন্দ-উচ্ছ্বাসের স্রোতে।
প্রথমবারের মতো নারী সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ। ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। এই ম্যাচে গোলের দেখা অবশ্য পাননি সাবিনা। তবে গোলের জোগান দিয়েছেন একটিতে। দুটি গোল করেন কৃষ্ণা। অপর গোলটি করেন শামসুন নাহার।
টুর্নামেন্টের শুরুতে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করেন সাবিনা। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ৬-০ গোলে জয়ের ম্যাচে করেন হ্যাটট্রিক। ভারতের বিরুদ্ধে পাননি গোলের দেখা। সেমিতে ভুটানের বিরুদ্ধে করেন আবার হ্যাটট্রিক। সব মিলিয়ে ৫ ম্যাচে ৮ গোল সাবিনার।
সাবিনার পরে ৪ গোল নিয়ে যৌথভাবে দুইয়ে আছেন বাংলাদেশ দলের ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানি সরকার, ভারতের ফরোয়ার্ড আঞ্জু তামাং ও পাকিস্তানের ফরোয়ার্ড নাদিয়া খান।



