
দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান মারা গেছেন। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭১ বছর।
করোনায় আক্রান্ত হয়ে গত ৩১ অক্টোবর রাতে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুনীরুজ্জামান।
পরিবার সূত্রে জানা গেছে, খন্দকার মুনীরুজ্জামান সম্প্রতি জ্বরে আক্রান্ত হন। এরপর তার করোনা পরীক্ষা করা হয়। ফল পজিটিভ আসার পর তিনি শান্তিনগরস্থ নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।
গত ৩১ অক্টোবর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। তিনি করোনা থেকে সেরেও উঠেছিলেন। কিন্তু, করোনা-পরবর্তী নানা জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা গেলেন।
২০০৩ সাল থেকে সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন খন্দকার মুনীরুজ্জামান।
তবে তার জানাজা ও দাফনের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।
জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুনীরুজ্জামানের মৃত্যুতে শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
খন্দকার মুনীরুজ্জামানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ১৯৭০ সালে কমিউনিস্ট পার্টির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা জীবন শুরু হয় তার। এরপর দীর্ঘ সাংবাদিকতার জীবনে নিজেই একজন প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেন তিনি।
২০০৩ সাল থেকে খন্দকার মুনীরুজ্জামান সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্পাদনার পাশাপাশি কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও তার পরিচিতি ছিল।
২০১৯ সালে তিনি প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হন। তার মৃত্যুর খবরে সাংবাদিক কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।❐



