প্রধান খবরবাংলাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার গতিপথে কোনো পরিবর্তন নেই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। জাতীয় সংসদের ৩০০টির মধ্যে ২৯৯টি আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গতকাল। বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী এর মধ্যে দুটির ফল ঘোষণা স্থগিত রয়েছে। চূড়ান্ত ও আংশিকভাবে ফলাফল ঘোষিত বাকি ২৯৭ আসনের মধ্যে ২২৪টিতে জয় পেয়েছেন বা জয়ের পথে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। নির্বাচনে দলগতভাবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে জাতীয় পার্টি। দলটি পেয়েছে ১১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬১টি আসন। আরেকটি আসনে জয়লাভ করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

বিশাল ব্যবধানে জয়ের সুবাদে এ নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা।

বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪। এর মধ্যে ২৮টি এবারের নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপিসহ বাকি দলগুলো নির্বাচন বর্জন করে। তাদের সঙ্গে রয়েছে বেশ কয়েকটি অনিবন্ধিত রাজনৈতিক দলও।

দেশের ২৯৯টি সংসদীয় আসনে গতকাল সকাল ৮টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। এক প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯। নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০। ৮৪৮ জন ছিলেন তৃতীয় লিঙ্গের ভোটার। এবারের নির্বাচনে মোট ভোটারের ৪০ শতাংশের মতো ভোট দিয়েছে বলে গতকাল বিকালে ভোট গ্রহণ শেষে এক প্রেস ব্রিফিংয়ে জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ভোট বর্জন সফল হওয়ার দাবি করে ভোটারদের অভিনন্দন জানিয়েছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, বিএনপির ভোট বর্জনের ডাক কেউ গ্রাহ্য করেনি। ব্যালটের মাধ্যমে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গতকাল সকাল ৮টায় রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন। এরপর দেয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘‌২০০৯ সাল থেকে দেশে গণতান্ত্রিক ধারা আছে বলেই এত উন্নতি হয়েছে। আমাদের সামনে আরো কাজ আছে। আমরা সেগুলো সম্পন্ন করতে চাই। আমি আশা করি নৌকা মার্কা জয়লাভ করবে এবং আবার আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে উন্নয়নশীল দেশের মর্যাদা যেটা পেয়েছে বাংলাদেশ, সেটা বাস্তবায়ন করব।’

শেখ হাসিনা আজ বেলা ৩টায় গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কাভার করা দেশী-বিদেশী পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিজয় মিছিল বা আত্মকলহে লিপ্ত না হতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। এ প্রসঙ্গে গতকাল আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বলেন, ‘‌নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোনো ধরনের বিজয় মিছিল না করার এবং অন্য প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের সঙ্গে সহিংসতা অথবা আত্মকলহে না জড়ানোর সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।’

নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহসভাপতি জিল্লুর রহমান। জাল ভোট দেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসন থেকে ১০ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনে অনিয়ম, সংঘাত, জোর করে ব্যালটে সিল মারাসহ বিভিন্ন অভিযোগে নয়টি আসনের ২১টি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র ১৫ মিনিট আগে প্রার্থিতা বাতিল হয়েছে চট্টগ্রাম-১৬ আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর। এর বাইরে ভোট কারচুপি, ভোটকেন্দ্র দখল, মারধরসহ বিভিন্ন অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন ৪০ জন প্রার্থী।

সহিংসতা হলেও নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। সিইসি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘‌ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করেছেন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে কমিশন চেষ্টার কোনো ত্রুটি রাখেনি।’

দলীয় সরকারের অধীনে যে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব সেটি প্রমাণিত হয়েছে উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘‌দলীয় সরকারের অধীনে নির্বাচনে চ্যালেঞ্জ থাকেই। সরকারের আন্তরিকতা ছিল। সরকারের তরফ থেকে সহযোগিতা পেয়েছি বলেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে।’

যদিও নির্বাচনকে সরকারের পাতানো এবং একপেশে বলে মন্তব্য করে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। গতকাল দুপুরে গুলশানে নিজের বাসভবনে তিনি সাংবাদিকদের বলেন, ‘‌তারা একটা ভুয়া নাটক সাজিয়েছে। ২০১৪ সালেও নাটক সাজিয়েছিল। বলেছিল বিএনপি নাকি আইএস হয়ে গেছে। বিএনপি নাকি তালেবান হয়ে গেছে। বাস্তবতা হচ্ছে, এটা বিদেশীদের বোঝাতে ওদের একটা অপপ্রচার ছিল, সেটাতেও সরকার ব্যর্থ হয়েছে।’

বাংলাদেশের মানুষ নির্বাচন বর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘‌‌আজকে শুধু বিএনপির পক্ষ থেকে নয়, আমরা যারা এ প্রহসনের নির্বাচনকে বর্জন করেছি, তাদের সবার পক্ষ থেকে আমি বাংলাদেশের মানুষকে স্যালুট জানাব। একটি মাত্র কারণে যে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রশ্নে কোনো দিন আপস করেনি।’

অন্যদিকে বিএনপির ভোট বর্জনের ডাক কেউ গ্রাহ্য করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‌অনেক বাধাবিপত্তি অতিক্রম করে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করে দেখিয়েছেন, সরকারপ্রধান হয়েও স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীন সংবিধানের বিধান অনুযায়ী কীভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়।’

ভোটার উপস্থিতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘‌৪০ শতাংশ ভোটার উপস্থিতি যেকোনো বিবেচনায় একটি ভালো মান। এটা কম নয়। অনেক দেশে এর চেয়েও কম হয়। ২৫-৩০ শতাংশ ভোট পড়ে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension