
বিনোদন
দ্বিতীয় দিনে দ্বাদশ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০১৯
রূপসী বাংলা প্রতিবেদন: ২ মার্চ বিকেল চারটায় শাহবাগে গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে শুরু হয়েছে ‘দ্বাদশ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০১৯।’ সাতদিন ব্যাপী এই উৎসব চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। এবারের উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশসহ সর্বমোট ৩২টি দেশ। উৎসবে প্রদর্শিত হবে সর্বমোট ১৭৮ চলচ্চিত্র।
সপ্তাহব্যাপী এই এই উৎসবের কাল ছিল দ্বিতীয় দিন। শিশুদের পদচারণে উৎসব প্রাঙ্গণ ছিল মুখর। প্রতিদিন সকাল ১১ টা, দুপুর ২টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৬টায় দুটি করে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী হচ্ছে শওকত ওসমান মিলনায়তন, জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তন, ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিললনায়তন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে।

জানা গেছে, এবারের উৎসবে বাংলাদেশি শিশু চলচ্চিত্রের জন্য আকর্ষনীয় একটি বিভাগ রাখা হয়েছে। সেটি হলো বাংলাদেশে নির্মিত চলচ্চিত্র নিয়ে প্রতিযোগিতা। এই বিভাগের জন্য ৬৮টি চলচ্চিত্র জমা পড়ে। যার মধ্য থেকে ২৫টি চলচ্চিত্রকে প্রতিযোগিতামূলক প্রদর্শনের জন্য নির্বাচন করা হয়েছে। এ বিভাগে ৫টি চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে। তাছাড়া উৎসবে পাঁচদিন চলচ্চিত্র বিষয়ক কর্মশালা থাকবে। দেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালকরা এই কর্মশালা পরিচালনা করছেন।
উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলো শিশু-কিশোর ও অভিভাবকদের জন্য উন্মুক্ত। টিকিট ছাড়াই দর্শকেরা চলচ্চিত্র উপভোগ করতে পারবেন।



