
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন না জাতীয় ঐক্যফ্রন্ট নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।
বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও ড. কামাল হোসেন নিজ দলের প্রতীক উদীয়মান সূর্য এবং কাদের সিদ্দিকী গামছা মার্কা নিয়ে নির্বাচন করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
এদিকে বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে যে তালিকা দিয়েছে এতেও ড. কামাল হোসেনের গণফোরাম এবং কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের নাম নেই। বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে ৮টি দল।
আজ ১১ নভেম্বর রোববার বিকেল ৪টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়।
বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
গণফোরামের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক জানিয়েছেন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সোমবার বিকেল থেকে বেইলি রোডের বাসায় দলের মনোনয়ন প্রত্যাশিদের সাক্ষাৎকার নিয়েছেন। তিনি দলের সবাইকে জানিয়েছেন নিজ দলের উদীয়মান সূর্য প্রতীকে নির্বাচন করবে।



