প্রধান খবরবাংলাদেশ

ধ্বংসাত্মক নয়, গঠনমুলক রাজনীতি চাই:আসাদুজ্জামান নুর

রূপসী বাংলা ডেস্ক:সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণে ইতোমধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ২০২১সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।

সোমবার সন্ধ্যায় নীলফামারী টাউন ক্লাব মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী নুর বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে। গাছপালা কেটে সাবাড় করেছে। রাস্তা ঘাট কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। বাস ট্রেন জ্বালিয়ে দিয়ে সরকারী সম্পদ ধবংস করেছে। আমরা গঠনমুলক রাজনীতি চাই, ধ্বংসাত্মক রাজনীতি চাই না।

জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক আবুল কাশেম আযাদ। বিশেষ অতিথি হিসেবে নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আ’লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, জেলা কৃষকলীগের সভাপতি অক্ষ্ময় কুমার রায় বক্তব্য দেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুপম মহসিন রেজার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বনায়ন কার্যক্রম উপস্থাপন করেন সামাজিক বন বিভাগ রংপুরের সহকারী বন সংরক্ষক রফিকুজ্জামান শাহ। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ শেষে অংশগ্রহণকারী স্টল সমুহ পরিদর্শন করেন মন্ত্রী আসাদুজ্জামান নুর।

“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” শ্লোগানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় অনুভব কমিউনিটি নার্সারীসহ বিভিন্ন স্থানের ৩০টি নার্সারী স্টল দিয়েছে।

এরআগে বিকেলে নীলফামারী শেখ কামাল আধুনিক স্টেডিয়ামে কৃষ্ণচুড়া গাছের চারা রোপণ করেন আসাদুজ্জামান নুর। সেখানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার মাসুদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দিপক চক্রবর্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension