
প্রধান খবরবাংলাদেশ
নতুন এমপিদের শপথ ৩ জানুয়ারি
রূপসী বাংলা ঢাকা ডেস্ক: নতুন এমপিদের শপথ ৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ কক্ষের ধারণক্ষমতা কম হওয়ায় দুই দফায় শপথ হবে। সংসদের আইনশাখার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সংসদ ভবন ঘুরে দেখা গেছে, সেখানে সাজ সাজ রব। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে শপথ কক্ষ। বুধবারের মধ্যে নির্বাচন কমিশন ফলাফল গেজেট আকাশে প্রকাশ করার পরই নতুন এমপিদের ফোন করে শপথের কথা জানিয়ে দেওয়া হবে।
এর আগে সকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামী ৩ জানুয়ারি বৃহস্পতিবার শপথ গ্রহণ করবেন। তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ৩ জানুয়ারি সংসদ সদস্যরা শপথ নেবেন। এর আগে আগামীকাল বুধবার গেজেট জারি হবে। সুতরাং মহাজোটের সরকার গঠন হতে যাচ্ছে, এটা অবধারিত। শেখ হাসিনার নেতৃত্বে আমরা নতুন সরকার পাব।’
প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৯৮ আসনের ফলাফলে দেখা গেছে, ২৮৮টি আসনে আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কার্স পার্টি ৩, জাসদ ২, বিকল্পধারা ২, তরিকত ফেডারেশন ১, জাতীয় পার্টির (জেপি) ১ জন জয়ী হয়েছেন। বিএনপি জোট অর্থাৎ জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র সাতটি (বিএনপি ৫, গণফোরাম ২) আসন। স্বতন্ত্রসহ অন্যান্যরা জয় পেয়েছেন ৩টি আসনে।



