
নারী মানবাধিকার কর্মীর ফাঁসি চায় সৌদি আরব
রূপসী বাংলা ডেস্ক: ২০১১ সালে এক আন্দোলনে অংশ নেওয়ার দায়ে চার পুরুষসহ প্রথমবারের মতো এক নারী মানবাধিকার কর্মীর ফাঁসি চেয়েছে সৌদি আরব। ওই নারী মানবাধিকার কর্মীসহ বাকিদের ফাঁসি চেয়ে আদালতে আবেদন করেছে দেশটির সরকারের কৌসুলী।
২০১১ সালে দেশটির পূর্বাঞ্চলীয় অঞ্চলে সরকার বিরোধী এক আন্দোলনে অংশ নেন ইসরা আল-ঘোমঘাম নামের ওই নারী। ২০১৫ সালে স্বামীসহ আটক করা হয় ইসরাকে।
সৌদি আরবে মানবাধিকার বিষয়ে আন্দোলন করা নারীদের মধ্যে প্রথমবারের মতো ফাঁসির আসামি হলেন ইসরা।
ফাঁসির আবেদনের মুখোমুখি হওয়া এই পাঁচ কর্মীসহ মোট ছয় মানবাধিকার কর্মী দুই বছরেরও বেশি সময় দেশটির কারাগারে বন্দি।
ইসরার জন্য ফাঁসির আবেদন চাওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানায় হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
এক বিবৃতিতে এইচআরডব্লিউ জানায়, ‘মানবাধিকার কর্মীদের বিপক্ষে গুরুতর কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি। এমন ক্ষেত্রে মৃত্যুদণ্ড ব্যতিত অন্য কোনো সাজার আবেদন না করা ভয়ংকর।’
সৌদি আরবের বিশেষ অপরাধ আদালতে বিচার করা হচ্ছে ওই মানবাধিকার কর্মীদের। জঙ্গিগোষ্ঠী সদস্যদের বিচারের জন্য ২০০৮ সালে আদালতটি প্রতিষ্ঠা করা হয়।
আগামী ২৮ অক্টোবর এই আদালতে হাজির করা হবে ইসরাসহ বাকি মানবাধিকার কর্মীদের।
সূত্র: আল জাজিরা



