খেলা

নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিচ্ছেন হার্দিক

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : হাঁফ ছেড়ে বাঁচলেন হার্দিক! ফের ভারতীয় দলের জার্সিতে ফিরছেন পান্ডিয়া৷ যত দ্রুত সম্ভব নিউজিল্যান্ডে ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার নির্দেশ বিরাটের দলের এক নম্বর অল-রাউন্ডারকে৷ আর ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত-এ দলের সঙ্গে যোগ দিচ্ছেন লোকেশ রাহুল৷

বৃহস্পতিবার বিকেলে নির্বাসিত টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটারের উপর থেকে নির্বাসন তুলে নেন বোর্ড৷ সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের সিওএ কমিটির এই সিদ্ধান্তের পরই ভারতীয় দলে ফেরার রাস্তা তৈরি হয়ে যায় বিতর্কিত এই দুই ক্রিকেটারের৷ নির্বাসন মুক্ত হওয়ার ঘণ্টা তিনেকের মধ্যে হার্দিকে ভারতীয় দলে ফেরালেন জাতীয় নির্বাচকরা৷

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ওয়ান ডে-র সিরিজ খেলছে ভারত৷ বুধবার নেপিয়ারে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে বিরাটবাহিনী৷ সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার মাউন্টগানুইতে৷ তৃতীয় ম্যাচও এখানে সোমবার৷ তার আগে সম্ভবত দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক৷ আর রাহুল খেলবে ভারত-এ দলের হয়ে৷ তিরুঅনন্তপুরমে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে শেষ তিনটি ম্যাচ খেলবেন কর্নাটকের এই ডানহাতি ব্যাটসম্যান৷

সম্প্রতি ‘কফি উইথ করণ’ সেলিব্রিটি চ্যাট শো-য়ে মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য পান্ডিয়া ও রাহুলকে শো-কজ করেছিল বিসিসিআই৷ শো-কজের উত্তর দিলেও অস্ট্রেলিয়া সফররত ভারতীয় দলের সঙ্গে থাকা হয়নি হার্দিক ও রাহুলের৷ সিরিজের মাঝপথেই নির্বাসিত দুই ক্রিকেটারই দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় বোর্ড৷

কমিটি অফ অ্যামিস্ট্রেটর অর্থাৎ সিওএ-র সিনিয়র অ্যাডভোকেট প্রয়াগ ত্রিপাটি এই দুই প্রতিশ্রুতিময় ক্রিকেটারের ভাগ্য দ্রুত ঠিক করার জন্য সুপ্রিম কোর্টকে একজন ওমবাডসম্যান নিয়োগের অনুরোধ করেন৷ বোর্ডের আবেদন শুনে ওমবাডসম্যান নিয়োগের নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত৷ বিচারপতি এসএ ববদে এবং এএম স্যাপরের বেঞ্চ সিনিয়র অ্যাডভোকেট পিএস নরসিমাকে বিষয়টি দেখার নির্দেশ দেয়৷

কিন্তু গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই শুনানি মুলতবি হয়ে যাওয়ায় আরও অনিশ্চিত হয়ে পড়ে হার্দিক-রাহুলের মাঠে ফেরা৷ ওমবাডসম্যান নিয়োগে দেরি হওয়ায় এদিন টিম ইন্ডিয়ার এই ক্রিকেটারের উপর থেকে সাময়িক নির্বাসন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সিওএ৷

বুধবারই নিউজিল্যান্ড সফরের মাঝে ক্যাপ্টেন কোহলিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা৷ কিউয়িদের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজের প্রথম তিন ম্যাচের পরই দেশের ফিরবেন বিরাট৷ অর্থাৎ পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষ দু’টি ওয়ান ডে এবং তিন ম্যাচের টিড-২০ সিরিজ খেলবেন না কোহলি৷ ফলে শেষ দু’টি ওয়ান ডে এবং টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension