খেলা

নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

রূপসী বাংলা ডেস্ক:সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে আগেই শেষ চার নিশ্চিত করেছিল বাংলাদেশ। সোমবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলার মেয়েরা। গোলদাতা তহুরা, মারিয়া মান্ডা ও সাজেদা।

গত ৮/৯ মাসে দারুণ উন্নতি করেছে নেপালি মেয়েরা। গত বছর যে নেপালকে গুনে গুনে ৬ গোল দিয়েছিল বাংলাদেশ, সেই নেপাল কঠিন প্রতিরোধ গড়েছিল এদিন। ৪৪ মিনিট পর্যন্ত তারা রুখে দেয় বর্তমান চ্যাম্পিয়নদের।

গোল পেতে অনেক কাঠখড় পোড়াতে হয় বাংলাদেশকে। অবশেষে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে দলকে ১-০তে এগিয়ে নেন তহুরা খাতুন। এর ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মারিয়া মান্ডা। দর্শনীয় শটে গোলটি করেন তিনি। ৬৬ মিনিটে বুদ্ধিমত্তার সঙ্গে গোল করে ৩-০ করেন সাজেদা খাতুন।

 লক্ষ্যভেদী শটে জালে বল পাঠাচ্ছেন ৮ নং জার্সিধারী মারিয়া মান্ডা

সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এক ম্যাচে জয় পেয়েই সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ। আর ‘বি’ গ্রুপ থেকে দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। আর সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ ও নেপাল। নেপাল ৪-০ গোলে হারায় পাকিস্তানকে। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সোমবার ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।

সেমিফাইনালের দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে আগামী ১৬ আগস্ট। ১৮ আগস্ট  তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ। গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension